বিজ্ঞাপন

‘মেসির বিদায়ে বিশ্বকাপ আর আগের মতো থাকবে না’

‘মেসির বিদায়ে বিশ্বকাপ আর আগের মতো থাকবে না’

লিওনেল মেসিকে আটকানোর ছক ক্যারিয়ারের বড় একটা সময়জুড়েই কষতে হয়েছে হোসে মরিনিওকে। কখনো সফল হয়েছেন, বেশিরভাগ সময়ই অবশ্য ব্যর্থ। মাঠে ‘স্পেশাল ওয়ান’-এর কৌশলকে বারবার ছাপিয়ে গেছেন আর্জেন্টিনার কিংবদন্তি। তাই সেই মহাতারকা যখন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন, নীরব থাকেননি পর্তুগিজ এই অভিজ্ঞ কোচও।

মেসির বিদায়ে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন মরিনিয়ো। ইন্টার মায়ামির মহাতারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানান রিয়াল মাদ্রিদের কোচ। কোচিং ক্যারিয়ারে মেসির বিপক্ষে বহুবার লড়াই করা মরিনিও প্রশংসা করেছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডের রেখে যাওয়া অনন্য উত্তরাধিকারের।

৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়ক। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করা মেসির এই ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো ২০০৫ সালে শুরু হওয়া এক বর্ণাঢ্য অধ্যায়।

চেলসি ও রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকার সময় মেসির মুখোমুখি হওয়া মরিনিও ইনস্টাগ্রামে লিখেছেন, ‘একটি চমৎকার ও অবিস্মরণীয় আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন। পরের কোপা আমেরিকা এবং পরের বিশ্বকাপ আর আগের মতো থাকবে না।’

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা সহজ ছিল না মেসির জন্যও। তবে সময় ফুরিয়ে আসছে, আর নতুন প্রজন্মকে সুযোগ করে দেওয়ার প্রয়োজনীয়তাই তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

এক আবেগঘন বার্তায় মেসি বলেছেন, ‘আমি জাতীয় দলের অংশ হতে ভালোবাসি, ভালোবেসেছি এবং চিরকাল ভালোবাসব। আমি আমার সবটুকু উজাড় করে দিয়েছি, দেওয়ার মতো আর কিছু বাকি নেই। তাছাড়া আমার পেছনে বেশ কিছু দুর্দান্ত তরুণ খেলোয়াড় উঠে আসছে, যাদের নিজেদের প্রমাণ করার সুযোগ পাওয়া উচিত।’

এইচজেএস