বিজ্ঞাপন

পিএসজি ছেড়ে ৫৫ মিলিয়নে অ্যাস্টন ভিলায় ইব্রাহিম

পিএসজি ছেড়ে ৫৫ মিলিয়নে অ্যাস্টন ভিলায় ইব্রাহিম

তরুণ প্রতিভার পেছনে ছুটে বড় বাজি ধরল অ্যাস্টন ভিলা। পিএসজির ১৮ বছর বয়সী সেনেগালিজ উইঙ্গার ইব্রাহিম এমবায়েকে দলে ভেড়াতে ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ইংলিশ ক্লাবটি। এমবায়ের জন্য ভিলা খরচ করছে ৫৫ মিলিয়ন ইউরো।

তরুণ এই উইঙ্গারকে পেতে প্রতিযোগিতায় ছিল আরবি লাইপজিগ, বরুশিয়া ডর্টমুন্ড, চেলসি ও লিভারপুলের মতো ক্লাবও। সবাইকে পেছনে ফেলে এমবায়েকে শেষ পর্যন্ত ভিলা পার্কে নিয়ে এসেছে অ্যাস্টন ভিলা। পাঁচ বছরের চুক্তিতে সই করা এমবায়ে নতুন ক্লাবে পরবেন ১৯ নম্বর জার্সি।

পিএসজির একাডেমি থেকে উঠে আসা এমবায়ে গত মৌসুমে লুইস এনরিকের দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ৪ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন। প্রতিভার ঝলক দেখালেও নিয়মিত একাদশে জায়গা করে নিতে পারেননি তিনি।

এর মধ্যেই পিএসজির আক্রমণভাগে যোগ হয়েছে ফেরান তোরেস, মিকা গডৎস ও মাগনেস আকলিউশের মতো ফুটবলার। ফলে প্যারিসে থাকলে কাঙ্ক্ষিত খেলার সময় পাওয়া কঠিন হতে পারতো তার জন্য। তাই আরও বেশি সুযোগ ও নিয়মিত খেলার আশায় নতুন ঠিকানা বেছে নিয়েছেন তিনি।

অ্যাস্টন ভিলায় যাওয়ার পথও এরই মধ্যে পরিষ্কার হয়েছে। শনিবার ভিলার হয়ে মেডিকেল পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে পিএসজি। সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে পারেন সেনেগালিজ এই উইঙ্গার।

এমনকি পুরোনো ক্লাব পিএসজির বিপক্ষেই আবার দেখা হয়ে যেতে পারে এমবায়ের। চ্যাম্পিয়নস লিগের ষষ্ঠ ম্যাচে আগামী ৮ ডিসেম্বর ভিলা পার্কে পিএসজিকে আতিথ্য দেবে অ্যাস্টন ভিলা। তার আগেই অবশ্য প্রিমিয়ার লিগে অভিষেক হয়ে যেতে পারে এমবায়ের। শনিবার হাল সিটির বিপক্ষে ম্যাচেই ভিলার জার্সিতে তার অভিষেকের সম্ভাবনা রয়েছে।

এইচজেএস 

বিজ্ঞাপন