বিজ্ঞাপন

আফগানিস্তান সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা করল ভারত

আফগানিস্তান সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা করল ভারত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে এই দলে ফিরেছেন সাঞ্জু স্যামসন ও বরুণ চক্রবর্তী। তবে চার ক্রিকেটারকে দলে রাখা হলেও তাদের খেলা নির্ভর করছে ফিটনেস পরীক্ষায় পাস করার ওপর।

ফিটনেস নিয়ে সংশয় থাকা চার ক্রিকেটার হলেন নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রীত বুমরাহ ও হর্ষিত রানা। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তাদের কাউকেই পাওয়া যায়নি। আফগানিস্তান সিরিজের আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই চূড়ান্তভাবে দলে থাকবেন তারা। তবে কারও ক্ষেত্রেই ঝুঁকি নিতে চায় না ভারত।

বুমরাহর সঙ্গে টি-টোয়েন্টি দলে ফিরেছেন সাঞ্জু ও বরুণ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ছিলেন না তারা। চোটের কারণে বরুণের খেলা হয়নি, আর ফর্মের কারণে বাদ পড়েছিলেন সাঞ্জু।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হলেও খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেনি ভারত। মূলত এশিয়ান গেমসে খেলানোর পরিকল্পনায় থাকা দলটিকেই প্রস্তুত করা হচ্ছে এই সিরিজের মাধ্যমে। তাই আফগানিস্তান সিরিজকে এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবেই দেখছেন নির্বাচকরা।

দিল্লিতে হবে সিরিজের তিনটি ম্যাচ। ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর মাঠে নামবে দুই দল। সিরিজটি আফগানিস্তানের ‘হোম সিরিজ’ হওয়ায় ভারতের মাটিতেই কার্যত ‘অ্যাওয়ে’ সিরিজ খেলবে ভারত।

ভারতীয় দল:

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিশান (উইকেটরক্ষক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, নীতীশ রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিশ্নোই, জাসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং ও হর্ষিত রানা।

এইচজেএস