বিজ্ঞাপন

অ্যাতলেটিকোতেই থাকছেন আলভারেজ, বেঁচে রইল বার্সার আশা

অ্যাতলেটিকোতেই থাকছেন আলভারেজ, বেঁচে রইল বার্সার আশা

দলবদলের বাজারে নানা নাটক, আলোচনা আর টানাপোড়েনের পর আপাতত অ্যাতলেটিকো মাদ্রিদেই থাকছেন হুলিয়ান আলভারেজ। জানুয়ারির দলবদল পর্যন্ত মাদ্রিদের ক্লাবটিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ফলে গ্রীষ্মের অন্যতম জটিল দলবদল-গল্পের আপাতত ইতি হলেও, বার্সেলোনার আশা পুরোপুরি শেষ হচ্ছে না।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, অ্যাতলেটিকোর স্পোর্টিং ডিরেক্টর মাতেও আলেমানিকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন আলভারেজ। বার্সেলোনায় যাওয়ার আগ্রহ থাকলেও অন্তত মৌসুমের প্রথমার্ধ মেট্রোপলিতানোতেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

আলভারেজের এই সিদ্ধান্তে আপাতত বন্ধ হচ্ছে প্রিমিয়ার লিগে যাওয়ার সম্ভাবনাও। পুরো গ্রীষ্মজুড়েই তাকে পাওয়ার দৌড়ে সবচেয়ে সক্রিয় ছিল আর্সেনাল। তবে ইংল্যান্ডে যাওয়ার ব্যাপারে আলভারেজের আগ্রহ ছিল না।

বার্সেলোনার প্রতি আলভারেজের আগ্রহই ছিল এই দলবদল-গল্পের অন্যতম বড় বিষয়। কাতালান ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তাও প্রকাশ্যে আর্জেন্টাইন তারকার প্রতি তাদের আগ্রহের কথা জানিয়েছিলেন। বিষয়টি অবশ্য ভালোভাবে নেয়নি অ্যাতলেটিকো কর্তৃপক্ষ, যারা শুরু থেকেই বার্সার সঙ্গে আলোচনায় যেতে রাজি ছিল না।

গ্রীষ্মে আলভারেজকে নিয়ে একাধিক ক্লাবের আগ্রহ থাকলেও অন্য কোথাও যাওয়ার জন্য মাদ্রিদ ছাড়তে চাননি তিনি। অ্যাতলেটিকো তাকে বার্সেলোনার কাছে বিক্রি করতে রাজি নয়, আবার আলভারেজও শুধু ক্লাব ছাড়ার জন্য অন্য কোনো প্রস্তাবে সাড়া দিতে চাননি।

তাই আপাতত ডিয়েগো সিমিওনের অধীনেই থাকছেন তিনি। তবে গল্প এখানেই শেষ নয়। জানুয়ারির দলবদলে আলভারেজকে নিয়ে আবারও মাঠে নামতে পারে বার্সেলোনা।

এইচজেএস