বিজ্ঞাপন

হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে জবাব দিচ্ছে বাংলাদেশ

হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে জবাব দিচ্ছে বাংলাদেশ

জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরও থেমে থাকেননি তাওহীদ হৃদয়। বরং অপেক্ষা করেছেন নিজের ব্যাট দিয়েই উত্তর দেওয়ার জন্য। সেই সুযোগটা তিনি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মাটিতে। বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দিতে গিয়ে পচেফস্ট্রুমে করলেন দারুণ এক ডাবল সেঞ্চুরি—যে ইনিংস দিয়ে জাতীয় দলে ফেরার দাবিটাও যেন আরও জোরালো করে রাখলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল হৃদয়ের। অভিষেকটা অবশ্য প্রত্যাশামতো রাঙাতে পারেননি তিনি। এরপর জায়গা হারান জাতীয় দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টেও খেলার সুযোগ হয়নি।

তবে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ব্যাট হাতে যেন অন্য এক হৃদয়কে দেখা গেল। তৃতীয় দিনের খেলায় পচেফস্ট্রুমে দৃঢ়তা আর ধৈর্যের পরীক্ষা দিয়ে তুলে নিলেন ডাবল সেঞ্চুরি।

একবারও প্রতিপক্ষকে সুযোগ দেননি হৃদয়। দীর্ঘ ইনিংসজুড়ে ছিল একাগ্রতা, নিয়ন্ত্রণ আর চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা। শেষ পর্যন্ত তৃতীয় দিনের একেবারে শেষ প্রান্তে বাঁহাতি স্পিনার সিমন্ডসকে কাট করে চার মেরে ১৯৯ থেকে ২০০-তে পৌঁছান তিনি। ডাবল সেঞ্চুরির ইনিংসটি হৃদয় সাজিয়েছেন ৩৩৫ বলে ২২ চার ও ১ ছক্কায়।

হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৭১ রান করেছে বাংলাদেশ 'এ' দল। তবে এখনও ৪১ রানে পিছিয়ে আছে তারা। দক্ষিণ আফ্রিকা 'এ' দল নিজেদের প্রথম ইনিংসে ৫১২ রান করেছিল।

এইচজেএস