বিজ্ঞাপন

পাসপোর্ট হারিয়ে এশিয়াডে সাতারু পরিবর্তন

পাসপোর্ট হারিয়ে এশিয়াডে সাতারু পরিবর্তন

গেমসের অন্যতম গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন সাতার। এশিয়ান গেমসে বাংলাদেশে মাত্র দুজন সাতারু অংশগ্রহণ করছেন। একজন পুরুষ ও আরেকজন নারী সাতারু। পুরুষ সাতারু হিসেবে নির্বাচিত হয়েছিলেন নাহিদ। কিন্তু পাসপোর্ট হারানোয় তিনি গেমসে শেষ পর্যন্ত যেতে পারছেন না।

সাতার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল বলেন, ‘মাত্র ২-৩ দিন আগে আমরা জেনেছি যে, নাহিদের পাসপোর্ট হারিয়েছে। এত কম সময়ের মধ্যে পাসপোর্ট করা কঠিন এবং আগের পাসপোর্টের তথ্য সব অ্যাক্রিডিটেশনে। অ্যাক্রিডিটেশন কার্ডই ভিসা হওয়ায় আমরা তার পরিবর্তে মো. ইসলামকে নির্বাচিত করেছি।’

বাংলাদেশ নৌবাহিনীর সাতারু মো. ইসলাম ৫০ ও ১০০ মিটার বাটার ফ্লাইয়ে অংশগ্রহণ করবেন। ইসলামের নাম দীর্ঘ তালিকায় থাকায় অ্যাক্রিডিটেশন কার্ড হতে সমস্যা নেই। তবে চূড়ান্ত মনোনয়ন না পাওয়ায় কার্ড বাংলাদেশে আসেনি। তাই ইসলামকে ভিসা নিয়ে জাপান যেতে হবে।’

দুই সাতারুর জন্য একজন কোচ ও ম্যানেজার। দুই সাতারু সাবেক স্বর্ণজয়ী সাতারু ও বর্তমান কোচ শাহজাহান আলী রনির অধীনে অনুশীলন করছেন। অথচ গেমসে মনোনীত কোচ নাজিম উদ্দিন জুলিয়াস। কমিটি পরিবর্তনের সঙ্গে কোচের নামও পরিবর্তন হয়েছে। কোচের নাম পরিবর্তন হলেও এখনো রনির অধীনেই অনুশীলন করছেন সাতারুরা।

এ নিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল বলেন, ‘রনি ও জুলিয়াস দুজনই অনুশীলন করাচ্ছেন। রনির নাম আগের কমিটি নির্ধারণ করেছিল।’

বাংলাদেশের অন্যতম সেরা সাতারু সামিউল ইসলাম রাফি। কমনওয়েলথ গেমসে গেলেও এশিয়াডে তার নাম রাখা হয়নি। বিগত কমিটি রাফির পরিবর্তে নাহিদকে এশিয়াডে বিবেচনা করলেও পাসপোর্ট হারিয়ে যেতে পারছেন না শেষ পর্যন্ত। রাফি ডিসেম্বরে বিশ্ব সাতার চ্যাম্পিয়নশিপে যাবেন।

এজেড/এমএমএম