বিজ্ঞাপন

লন্ডনে ফিরছে ব্যালন ডি’অর, শুরু কাউন্টডাউন

লন্ডনে ফিরছে ব্যালন ডি’অর, শুরু কাউন্টডাউন

একটি সোনালি বল। অথচ সেটিকে ঘিরে ফুটবল দুনিয়ার উত্তেজনার শেষ নেই। বছরের পর বছর সেরা হওয়ার স্বপ্ন, মাঠের অসংখ্য রাতের পারফরম্যান্স আর ইতিহাসে নিজের নাম লেখানোর আকাঙ্ক্ষা—সবকিছুর যেন প্রতীক এই ট্রফি। সেই ব্যালন ডি’অরের ৭০তম আসরের কাউন্টডাউনও এবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে।

আগামী ২৬ অক্টোবর ইংল্যান্ডের লন্ডনে বসবে ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জমকালো আসর। তবে বড় রাতের আগে উত্তেজনার পারদ আরও বাড়বে ৮ সেপ্টেম্বর। সেদিনই প্রকাশ করা হবে ব্যালন ডি’অরের বিভিন্ন ক্যাটাগরির বহুল প্রতীক্ষিত সংক্ষিপ্ত তালিকা। ভক্তরা সবার আগে সেই ঘোষণা দেখতে পাবেন (Ballondor.com) এ।

এবারের পুরুষ বিভাগে যিনি ব্যালন ডি’অর জিতবেন, তিনি হবেন পুরস্কারটির ইতিহাসে ৭০তম চ্যাম্পিয়ন। নারী বিভাগে বিজয়ী হবেন অষ্টম। এর পাশাপাশি গত মৌসুমের সেরা তরুণ প্রতিভা, গোলকিপার, ক্লাব ও কোচদেরও বিশেষভাবে সম্মানিত করা হবে এই রাতে।

শর্টলিস্ট প্রকাশের পর শুরু হবে ব্যালন ডি’অরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়—ভোটিং। ফুটবলবিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিকদের নিয়ে গঠিত বৈশ্বিক জুরি বোর্ড এই দায়িত্ব পালন করবে। পুরুষ বিভাগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের প্রতিটি দেশ থেকে একজন করে সাংবাদিক এবং নারী বিভাগে শীর্ষ ৫০ দেশের প্রতিটি দেশ থেকে একজন সাংবাদিক ভোট দেবেন।

তাদের মূল্যায়নের ভিত্তি তিনটি—ব্যক্তিগত পারফরম্যান্স ও প্রভাব, দলীয় সাফল্য ও ট্রফি জয় এবং মাঠের ভেতরে-বাইরে সামগ্রিক ক্রীড়াসুলভ আচরণ।

প্রতিটি ভোটার শর্টলিস্ট থেকে নিজের সেরা ১০ খেলোয়াড়কে ক্রমানুসারে বেছে নেবেন। প্রথম পছন্দের খেলোয়াড় পাবেন ১৫ পয়েন্ট, এরপর ধাপে ধাপে দশম পছন্দ পাবেন ১ পয়েন্ট। সব ভোট যোগ হওয়ার পরই জানা যাবে, ২৬ অক্টোবর লন্ডনের মঞ্চে কার হাতে উঠছে সেই কাঙ্ক্ষিত সোনালি বল।

এইচজেএস 

বিজ্ঞাপন