ইউরোপা লিগে ইসরায়েলি ক্লাব হাপোয়েল বিয়ার-শেভার বিপক্ষে বেলজিয়ান দল রয়্যাল ইউনিয়ন সাঁ-জিলোয়ার হোম ম্যাচ আয়োজন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ল্যুভেন শহরের মেয়র মোহামেদ রিদুয়ানি তার শহরে ম্যাচটি আয়োজনের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
আগামী ২২ অক্টোবর ইউরোপা লিগের গ্রুপ পর্বে সাঁ-জিলোয়ার মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইসরায়েলি চ্যাম্পিয়ন ক্লাব হাপোয়েল বিয়ার-শেভার।
সাঁ-জিলোয়ার নিজস্ব স্টেডিয়াম উয়েফার আন্তর্জাতিক মানদণ্ড পূরণ না করায় তারা ল্যুভেন শহরের স্টেডিয়ামে নিজেদের সব হোম ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিল।
কিন্তু নিরাপত্তা ও জনশৃঙ্খলার কথা বিবেচনা করে শহরের মেয়র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হলেও তারা এই ম্যাচের আয়োজক হতে প্রস্তুত নন।
আন্তর্জাতিক ফুটবল সংস্থা উয়েফা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, বিকল্প ভেন্যু খুঁজে বের করার দায়িত্ব সাঁ-জিলোয়ার। আগামী কিছু দিনের মধ্যেই নতুন ভেন্যুর নাম প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ঘটনার পর থেকে নিরাপত্তার স্বার্থে উয়েফার নির্দেশে ইসরায়েলি ক্লাব ও জাতীয় দলগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলে আসছে। তবে অ্যাওয়ে ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরের ঘটনা বেশ বিরল।
এমএমএম/
