বিজ্ঞাপন

বরখাস্ত সালাহদের কোচ

বরখাস্ত সালাহদের কোচ

ট্রাবজোনস্পোর মঙ্গলবার নিশ্চিত করেছে, টানা খারাপ খেলার কারণে উভয় পক্ষের সম্মতিতে ক্লাব ছেড়েছেন প্রধান কোচ ফাতিহ টেকে। 

তুর্কি ক্লাবটি তাদের এক্স অ্যাকাউন্টে আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, দলের পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাইস প্রেসিডেন্ট সারকান কিলিচ টেকের সঙ্গে আলোচনা করেন। ক্লাবের স্বার্থ ও ভবিষ্যৎ লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে দুই পক্ষ এই সম্পর্ক চুকিয়ে ফেলতে সম্মত হয়েছে।

সম্প্রতি মোহাম্মদ সালাহর সঙ্গে চুক্তি করে তুর্কি ফুটবলে হইচই ফেলে দেয় ট্রাবজোনস্পোর। মাসখানেকের মধ্যে ১৮ মাসের কঠিন পথচলায় ইতি টানলেন টেকে। তার মেয়াদে নতুন চুক্তি, ক্রীড়া ও আর্থিক অর্জন এবং তুর্কি কাপ জয়ে ভূমিকা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে ক্লাব।

ক্লাব যোগ করেছে, দুই পক্ষই অনুধাবন করতে পেরেছে নতুন একটি কর্মপন্থা প্রয়োজন। টেকেও জানিয়েছেন, তার উপস্থিতি কোনোভাবে ট্রাবজোনস্পোরের ক্ষতির কারণ হয়ে দাঁড়াক, তা তিনি চান না। ক্লাবের স্বার্থ সবকিছুর ওপরে বলে স্বীকার করেছেন তিনি। ট্রাবজোনস্পোর তাদের সাবেক কোচের প্রচেষ্টা, নিষ্ঠা, সাফল্য ও অবদানের জন্য ধন্যবাদ দেওয়ার পাশাপাশি তার নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছে।

গতকাল তুর্কি লিগে আমেদস্পোরের কাছে ২-১ গোলে হারের পরই টেকের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। এর আগেহ হাঙ্গেরির ফেরেঙ্কভারোসের কাছে ইউরোপা লিগ প্লে অফের দ্বিতীয় লেগে ৪-০ গোলে হারে ট্রাবজোনস্পোর। 

ওই হারের পর টেকে পদত্যাগের প্রস্তাব দেন। কিন্তু বোর্ড তা প্রত্যাখ্যান করে এবং চালিয়ে যাওয়ার অনুরোধ করে। কিন্তু আমেদস্পোরের জয়ের পর সবকিছু বদলে গেল। আনুষ্ঠানিকভাবে কোচের সঙ্গে ছাড়াছাড়ির ঘোষণা এলো।

২০২৫ সালের মার্চে দায়িত্ব নেন টেকে। ৪৫ বছর বয়সী কোচের অধীনে তার দল তুর্কি লিগে তৃতীয় হয়েছিল এবং তুর্কি কাপও জিতেছিল।

এফএইচএম