বিজ্ঞাপন

মেসির অবসরের পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন কে?

মেসির অবসরের পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন কে?

লিওনেল মেসিকে ঘিরেই গত দুই দশক আবর্তিত হয়েছে আর্জেন্টিনা ফুটবল। সোমবার তার অবসরে কি অথৈ জলে পড়ে গেল আলবিসেলেস্তেরা? নিঃসন্দেহে তার শূন্যতা অপূরণীয়। কিন্তু থেমে তো থাকবে না আর্জেন্টিনার ফুটবল। মেসি পরবর্তী যুগে কার নেতৃত্বে খেলবে তারা, এখন এই প্রশ্ন ঘুরেফিরে আসছে। 

প্রথম অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর নামই সামনে এসেছে। এতদিন মেসি ও নিকোলাস ওতামেন্দির পর তৃতীয় পছন্দের অধিনায়ক ছিলেন তিনি। এবার সতীর্থ ও কোচিং স্টাফ দুই পক্ষেরই সমর্থনে আর্জেন্টিনার নেতৃত্বের দায়িত্ব তার কাঁধে উঠতে চলেছে বলে জানা গিয়েছে।

দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা দলের ড্রেসিংরুমে অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর টটেনহ্যাম হটস্পারের এই ডিফেন্ডার। মাঠে আগ্রাসী মানসিকতা, সতীর্থদের সংগঠিত করার ক্ষমতা ও নেতৃত্ব দেওয়ার স্বভাবের কারণে তিনি মেসির উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে গেছেন। মেসিহীন দলের রক্ষণ সামলানোর পাশাপাশি খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা ধরে রাখাও হবে তার অন্যতম বড় দায়িত্ব।

World Cup news: Cristian Romero saves Argentina with a clutch goal off Lionel  Messi corner

স্বয়ং মেসিও রোমেরোর নেতৃত্বের গুণ নিয়ে প্রশংসা করেছিলেন। আর্জেন্টিনার রক্ষণকে আরও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে রোমেরোর অসাধারণ ভূমিকার কথা স্বীকার করেছিলেন তিনি। তাই তো পরবর্তী অধিনায়ক হিসেবে রোমেরোর নাম সামনে আসা প্রত্যাশিত। 

বড় চ্যালেঞ্জ রোমেরোর সামনে। লিওনেল স্কালোনির কোচিংয়ে আর্জেন্টিনা গত কয়েক বছরে একের পর এক সাফল্য পেয়েছে। ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ ও ২০২৪ সালের কোপা আমেরিকা—তিনটি বড় ট্রফিই জিতেছে আলবিসেলেস্তে, যে সাফল্যের কেন্দ্রবিন্দু ছিলেন মেসি। এবার তার অনুপস্থিতিতে সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব নতুন নেতৃত্বের।

মেসির অবসরে শুধুমাত্র অধিনায়ক পরিবর্তনই নয়, আর্জেন্টিনা দলের জন্য একটি প্রজন্মের পরিবর্তনও হতে চলেছে। দীর্ঘ ২১ বছর জাতীয় দলের হয়ে খেলার পর মেসি সরে দাঁড়ানোয় এবার বড় ভূমিকা রাখতে হবে তরুণ ফুটবলারদের। এমন সময়ে রোমেরোর অভিজ্ঞতা ও নেতৃত্বের ক্ষমতা স্কালোনির দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

মাঠে লড়াকু মানসিকতা ও ড্রেসিংরুমে প্রভাবকে কাজে লাগিয়ে রোমেরো মেসির রেখে যাওয়া উত্তরাধিকার এগিয়ে নিয়ে যেতে পারবেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

এফএইচএম