বাংলাদেশ ক্রিকেটের অনেক প্রথমের সঙ্গে জড়িয়ে আছেন সৈয়দ রাসেল। একসময় ওয়ানডে ক্রিকেটে যদি দু’জন পেসার জাতীয় দলে খেলার সুযোগ পেতেন, তাদের একজন থাকতেন রাসেল। তবে ২০১০ সালের পর আর ক্যারিয়ার সেভাবে এগোয়নি। খেলতেন ঘরোয়া ক্রিকেটে।
পরে যোগ দেন কোচিং পেশাতে। ডিপিএল, বিপিএল, এনসিএল ঘরোয়ার সব বিভাগেই ঘুরে ফিরে কাজ করেছেন রাসেল। গেল কয়েক বছর ধরে খুলনা বিভাগের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তবে আসন্ন লাল বলের এনসিএলে খুলনা দলের দায়িত্বে নেই তিনি।
তবে কেন নেই সেই উত্তর নেই খোদ রাসেলের কাছেও। তার সঙ্গে যোগাযোগ করা হলে বললেন নিজ বাসাতেই আছেন। কেন তাকে রাখা হয়নি বিসিবির পক্ষ হতে কোনো ব্যাখা তিনি পাননি।
যতটুকু খবর দেশের ঘরোয়া টুর্নামেন্টে কে কোথায় কোচিং করাবেন সেটা ঠিক করার জন্য তিন সদস্যের একটি কোচিং প্যানেল গঠন করা হয়েছে। যেখানে রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন, সোহেল ইসলাম এবং মিজানুর রহমান বাবুল।
বিসিবির একজন পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানালেন কোচদের পক্ষ হতে বলা হয়েছে রাসেলকে নিয়ে পরিকল্পনা রয়েছে বিসিবির। এইজ বিভাগের কোথাও হয়তো তাকে দেখা যেতে পারে ভবিষ্যতে।
এসএইচ
