বিজ্ঞাপন

জীবন ছুটছেন ‘ফাইফারের’ গতিতে, থাকবেন তো এইচপিতে

জীবন ছুটছেন ‘ফাইফারের’ গতিতে, থাকবেন তো এইচপিতে

২০২৪ এবং ২০২৬ যুব বিশ্বকাপে বাংলাদেশ দলে খেলেছিলেন শেখ পারভেজ জীবন। বল হাতে ছিলেন দলের অপরিহার্য। এরপর দেশের ঘরোয়ার সব লিগেই খেলেছেন, ছিলেন এইচপি বিভাগেও। তবে গেল বছর খানেক ধরে আবারও লাইম লাইটের বাইরে চলে গিয়েছিলেন এই স্পিনার। তবে সম্প্রতি বল হাতে আলো ছড়াতে দেখা যাচ্ছে জীবনকে।

বলের পাশাপাশি ব্যাট হাতেও বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারেন দলের হয়ে। বিসিবির অনূর্ধ্ব-২৩ দলের হয়ে সবশেষ ৫ ওয়ানডেতে জীবনের অবিশ্বাস্য বোলিং দাপট দেখা গেছে, শিকার করেছেন ২১ উইকেট। সাম্প্রতিক সময়ে তার টানা পাঁচ ওয়ানডে ম্যাচের পারফরম্যান্স ক্রিকেট পাড়ায় দারুণ আলোচনার জন্ম দিয়েছে।

একাই শিকার করেছেন মোট ২১টি উইকেট। তার এই অবিশ্বাস্য ধারাবাহিকতার প্রতিটি ম্যাচের বোলিং ফিগার দেখলেই বোঝা যায় কতটা ধারাবাহিক তিনি। গতকাল অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন মাত্র ৬ রান খরচায়। তার আগে যথাক্রমে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষ ৩ উইকেট ও ৩৮ রান। মালয়েশিয়া বিপক্ষে তিন ওয়ানডেতে যথাক্রমে ৩ উইকেট ও ১৩ রান, ৫ উইকেট ও ২৩ রান, ৫ উইকেট ও ১৬ রান।

সবশেষ ৫ ম্যাচের স্পেলে পারভেজ জীবন তিনটি চোখধাঁধানো 'ফাইফার' (ইনিংসে ৫ উইকেট) তুলে নিয়েছেন, যা দেশের বয়সভিত্তিক এবং ইমার্জিং দলের বোলিং আক্রমণে তার অপরিহার্যতা ও অসাধারণ ধারাবাহিকতার প্রমাণ দিচ্ছে। এরপরেও সংশয় থেকে যাচ্ছে চলতি মাসে ঘোষিত হবে এইচপির নতুন ক্যাম্পে থাকা ক্রিকেটারদের নাম।

সেখানে দেখা যাবে কি না পারভেজ জীবনকে। খোঁজ নিয়ে জানা গেছে এখনো কোনো কিছু স্পষ্ট না তার থাকা নিয়ে। তবে এইচপির একজন কর্মকর্তা বললেন কোচ সিলেক্টররা দল করছেন। তার সুযোগ রয়েছে অবশ্য।

এসএইচ