বিজ্ঞাপন

ইনফান্তিনোর সঙ্গে বিতর্কিত প্রকল্পে অংশ নিয়ে অনুতপ্ত আমেরিকান ধনকুবের

ইনফান্তিনোর সঙ্গে বিতর্কিত প্রকল্পে অংশ নিয়ে অনুতপ্ত আমেরিকান ধনকুবের

বিশ্বকাপসহ সব প্রতিযোগিতার অংশীদারত্ব বেসরকারি কোম্পানির কাছে বিক্রির পরিকল্পনা করেছিল ফিফা। প্রস্তাবটি উঠিয়েছিলেন এর প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপ বিক্রির এই পরিকল্পনা বাস্তবায়নে তার সঙ্গে যুক্ত হয়েছিলেন আমেরিকান ব্যবসায়ী ও ধনকুবের জশ কুশনার। তীব্র প্রতিবাদের মুখে বাতিল হওয়া ফিফার এই প্রস্তাবিত বিনিয়োগের সঙ্গে নিজেকে জড়িয়ে অনুশোচনা হচ্ছে তার।

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা প্রকাশের পর উয়েফার তীব্র বিরোধিতার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। ফিফা প্রেসিডেন্ট পরে সেই পরিকল্পনা থেকে সরে এলেও পদ হারানোর ঝুঁকিতে আছেন। উয়েফা তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরেই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এজন্য কুশনার ও তার বিনিয়োগ ফার্ম থ্রাইভ ক্যাপিটালের কাছ থেকে সম্ভাব্য ফৌজদারি অভিযোগের প্রমাণ চেয়ে ম্যানহ্যাটনের একটি আদালতে আবেদন করে উয়েফা। যদিও সম্ভাব্য এই মামলায় ‘থ্রাইভ কিংবা কুশনারকে বিবাদী’ হিসেবে উল্লেখ করা হয়নি উয়েফার ফাইলে।

এই পরিকল্পনার সম্ভাব্য প্রধান বিনিয়োগকারীদের একজন ছিলেন থ্রাইভ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা কুশনার। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই। বিষয়টি আদালতে চলে যাওয়ায় এবং তাদের নাম ওঠার পর টনক নড়েছে কুশনারের।

ফিফার চলমান সংকট নিয়ে প্রাথমিক মন্তব্যে কুশনার স্বীকার করেছেন, ‘বৈশ্বিক ফুটবলের রাজনৈতিক গতিপ্রকৃতি অনুধাবন করতে ব্যর্থ হয়েছি আমরা। যদি আমরা এর পরিণতি সম্পর্কে জানতাম, তাহলে কখনোই এতে জড়াতাম না।’

এফএইচএম