ক্রিকেটারদের ফিটনেস নিয়ে এবার আরও কঠোর অবস্থানে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশটির বেশ কয়েকজন তারকা ক্রিকেটার চোটে রয়েছেন। কেউ কেউ সুস্থ হতে গিয়ে আবার চোটে পড়ছেন। যে কারণে স্কোয়াড ঘোষণাতেও হিমশিম খেতে হচ্ছে নির্বাচকদের। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ‘হার্ডলাইনে’ যেতে চাচ্ছে বিসিসিআই। দল নির্বাচনের প্রক্রিয়াতেও বদল আনা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এখন থেকে কোনো ক্রিকেটারকে ফিট ঘোষণা করার আগে বারবার পরীক্ষা করা হবে। সম্পূর্ণ নিশ্চিত হলে তবেই ক্রিকেটে ফেরার অনুমতি দেওয়া হবে। বোর্ডের এক সূত্র বলেছেন, “শুধু ১০০ শতাংশ নয়, ফিট ঘোষণা করার আগে ২০০ শতাংশ নিশ্চিত হতে হবে।”
বোর্ড শিক্ষা নিচ্ছে অতীতের ঘটনা থেকে। দীর্ঘ বিরতির পর জুনে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে দলে ফিরেছিলেন এক ক্রিকেটার। কয়েকটি ম্যাচ খেলার পর আবারও চোটে পড়েন। প্রশ্ন উঠেছিল, পুরো ফিট না হয়েই তাকে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছিল কি না। একই কথা বলা যায় বরুণ চক্রবর্তীর ক্ষেত্রেও। সম্প্রতি শ্রীলঙ্কা সিরিজে জাসপ্রীত বুমরাহ এবং সাই সুদর্শন থাকলেও শেষ মুহূর্তে তাদের বাদ দিয়ে অন্য ক্রিকেটার নেওয়া হয়। এ জন্যই ঠিক হয়েছে, ক্রিকেটারদের ফিটনেসের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না হলে খেলার অনুমতি দেওয়া হবে না।
সম্প্রতি দেশটির সেন্টার অব এক্সেলেন্সির পরিচালক ভিভিএস লক্ষ্মণ বলেছিলেন, “নির্বাচনের পর বিবৃতিতে স্পষ্ট বলা থাকে কিছু ক্রিকেটারের খেলা নির্ভর করছে ফিটনেসের ওপরে। অর্থাৎ তারা ফিটনেস পরীক্ষায় পাস না করলে খেলতে পারবে না। এটা নিয়ে অহেতুক বিতর্কের কারণ নেই।”
তার আগে বোর্ডের সচিব দেবজিৎ সাইকীয়া বলেছিলেন, “সিরিজের ২১-২৮ দিন আগে দল নির্বাচন হয়। সেই দিনে যদি কোনো ক্রিকেটার ফিট না থাকে তাকে দুম করে বাদ দেওয়া যায় না। সফর শুরুর ঠিক আগে সে ফিট হয়ে গেলেই খেলানো যেতে পারে।”
এফআই
