চোটটা কি সত্যিই এতটাই গুরুতর ছিল? নাকি লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে না নামার পেছনে ছিল অন্য কোনো কারণ? ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইমাম-উল-হকের চোট নিয়ে এখন এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পাকিস্তান ক্রিকেটে।
বিষয়টি আর শুধু মাঠের আলোচনায় সীমাবদ্ধ নেই। ইমামের চোটের ঘটনা খতিয়ে দেখতে তদন্তে নামছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর বোর্ডের তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার জন্য এরই মধ্যে আইনি প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তানের বাঁহাতি ওপেনার।
মঙ্গলবার রাতে এক সাক্ষাৎকারে নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ জানান, ইমামের চোট নিয়ে তদন্ত হবে। তার প্রশ্ন, পেশির চোট থাকলেও একজন ব্যাটার সাধারণত অন্তত মাঠে নেমে চেষ্টা করেন। কিন্তু ইমাম দুই ইনিংসেই ব্যাট করতে পারেননি।
তিনি বলেন, ‘এই বিষয়টা নিয়ে তদন্ত হবে। পেশিতে চোটের কারণে দুটো ইনিংসেই ব্যাট করতে পারল না। এমনটা কী করে হতে পারে? চোট থাকতেই পারে। কিন্তু চোট নিয়ে ব্যাটাররা ক্রিজে নেমেত চেষ্টা অন্তত করে। এই পরিস্থিতি অন্য রকম। খুব চিন্তার বিষয়। আশা করি কোনো ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগের গুরুত্ব বুঝতে পারছেন ইমামও। তবে তিনিও সহজে বিষয়টি ছেড়ে দিতে চান না। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তদন্ত কমিটির সামনে নিজেকে আইনি পথে রক্ষা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এমনকি আইনজীবী নিয়ে কমিটির সামনে হাজির হওয়ার সিদ্ধান্তও নিয়েছেন।
এইচজেএস
