আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে এনসিএল চার দিনের খেলা। আর ২০২৬-২৭ এই মৌসুমে কে কোন দলের দায়িত্বে থাকছেন সেটিও চূড়ান্ত হয়ে গেছে। এনসিএল লাল বলে আটটি বিভাগ লড়বে। যেখানে দলের প্রধান কোচ, সহকারী কোচ এবং অন্যান্য অফিসিয়ালদের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবারের টুর্নামেন্টেও থাকছে দেশীয় অভিজ্ঞ ও সাবেক তারকা ক্রিকেটারদের সমন্বয়ে গড়া কোচিং প্যানেল। খুলনা বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ সাবেক ক্রিকেটার তুষার ইমরান, আর তার সহকারী হিসেবে থাকছেন রাইহান উদ্দিন। অন্যদিকে প্রথমবারের মতো জাতীয় লিগে কোচিং করাতে যাচ্ছেন আব্দুর রাজ্জাক।
রাজশাহী বিভাগের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক তারকা এই স্পিনার। রাজ্জাক ছাড়াও সহকারী কোচ হিসেবে থাকছেন মো. রফিকুল ইসলাম। এ ছাড়া ঢাকা বিভাগের প্রধান কোচ মো. মিজানুর রহমান বাবুল। সহকারী কোচ মো. রায়হান গাফফার সাইমন।
বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে থাকছেন আব্দুল করিম জুয়েল, সহকারী কোচ মো. শাহীন হোসেন। ময়মনসিংহ বিভাগে প্রধান কোচ মো. সাইফুল ইসলাম খান, সহকারী কোচ জাহাঙ্গীর আলম। রংপুর বিভাগে প্রধান কোচ মো. নাজমুল হোসেন, সহকারী কোচ সালাউদ্দিন পাপ্পু।
সিলেট বিভাগে প্রধান কোচ রাজিন সালেহ আলম, সহকারী কোচ ইমরান আলি। চট্টগ্রাম বিভাগে প্রধান কোচ মোহাম্মদ নাজিমউদ্দিন, সহকারী কোচ তারেক আজিজ খান।
এসএইচ
