সময়টা প্রায় ৩২ মাস। এই দীর্ঘ বিরতির পর আবারও শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা। ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ওয়ানডে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। সবশেষ ২০২৪ সালের জানুয়ারিতে ওয়ানডে খেলেছিলেন তিনি।
শানাকার ফেরার পাশাপাশি ওয়ানডে দলে নতুন মুখও আছে। প্রথমবার জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন আনক্যাপড লেগস্পিনার সচিন্দু কলম্বাগে। তবে জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলা পেসার মিলান রত্নায়েকে ও প্রমোদ মধুশান এবার দলে নেই।
শানাকার অন্তর্ভুক্তিতে শ্রীলঙ্কার মিডল অর্ডারে বাড়বে অভিজ্ঞতা। ৭১টি ওয়ানডে খেলা এই অলরাউন্ডার এর মধ্যে ৪৩ ম্যাচেই নেতৃত্ব দিয়েছেন দলকে। দীর্ঘদিন পর তার প্রত্যাবর্তন তাই শুধু একজন ক্রিকেটারের ফেরার গল্প নয়, দলের অভিজ্ঞতার ভাণ্ডারও সমৃদ্ধ করছে।
টি-টোয়েন্টি দলে অবশ্য আরও একটি পরিচিত মুখের প্রত্যাবর্তন হয়েছে। সাবেক অধিনায়ক আসালাঙ্কা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না। তবে লঙ্কা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পর আবারও জাতীয় দলে ফিরেছেন তিনি।
ইংল্যান্ড সফর শুরু হবে ১৫ সেপ্টেম্বর। প্রথমে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সাউদাম্পটন, কার্ডিফ ও ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। এরপর ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজের প্রথমটি চেস্টার-লে-স্ট্রিটে। পরের দুই ম্যাচ হবে লিডস ও দ্য ওভালে।
ওয়ানডে দল-
কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কামিন্দু মেন্ডিস, জনিথ লিয়ানাগে, পাভান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মহীশ থিকশানা, দুশমন্ত চামিরা, এশান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো ও দিলশান মাদুশাঙ্কা, দাসুন শানাকা, সচিন্দু কলম্বাগে।
টি-টোয়েন্টি দল-
কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, লাহিরু উদারা, কামিন্দু মেন্ডিস, জনিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ থিকশানা, থারিন্দু রত্নায়েকে, দুশমন্ত চামিরা, এশান মালিঙ্গা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্ডো।
এইচজেএস
