এ আবার কোন লামিনে ইয়ামাল! প্রথম দেখায় কিছুটা ভড়কে যেতে পারেন যে কেউ। ভারতে কী করছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার? কিন্তু না, ঠিক বার্সেলোনার ১৯ বছর বয়সী তারকা নন। কেরালার এই স্কুলছাত্রের নাম অ্যালেন জেমস। তবে তাকে দেখতে অনেকটা ইয়ামালের মতো। যে কারণে সোশ্যাল মিডিয়ায় ‘ভারতের ইয়ামাল’ নামে এরই মধ্যে খ্যাতি পেয়ে গিয়েছেন অ্যালেন।
কেরালার কোল্লামের বাসিন্দা অ্যালেন। দশম শ্রেণি পড়ুয়া। সম্প্রতি তার গ্রামেরই ভ্লগার নিখিল মনোহরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অ্যালেনকে যেন ইয়ামাল রূপে দেখলেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। চুলের স্টাইল, হাসি সবই যেন ইয়ামালের মতো দেখতে। এমনকী বার্সেলোনা তারকার জার্সিও পরে ছিলেন অ্যালেন। ইতোমধ্যে সেই ভিডিও প্রায় দেড় কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন।
— ANI (@ANI) September 1, 2026
তবে শুধু চেহারায় নয়। আরও একটা জায়গায় ইয়ামালের সঙ্গে মিল রয়েছে। অ্যালেন নিজেও ফুটবল খেলে। পেরুভাজি স্কুলের ফুটবল দলের ডিফেন্ডার সে। যদিও ইয়ামাল আক্রমণভাগের ফুটবলার।
ইয়ামালের মতো দেখতে হলেও অ্যালেন আর্জেন্টিনা ও লিওনেল মেসির বিরাট ভক্ত। এএনআইকে ১৫ বছর বয়সী ফুটবলার বলেন, “আমাকে অনেকদিন ধরে সবাই বলছে, ইয়ামালের সঙ্গে মুখের মিল আছে। তবে খুব একটা পাত্তা দিইনি। বিশ্বকাপের সময় ব্যাপারটা বেশি করে চোখে পড়ে। আর ভিডিও ভাইরাল হওয়ার পর আমার জীবন বদলে গিয়েছে। আমি খুব ছোট থেকে ফুটবল খেলছি। ইয়ামালকে ভালো লাগে। তবে আমি মেসি ও আর্জেন্টিনার ভক্ত।”
এখন কী চাইছে অ্যালেন? তার স্বপ্ন, খোদ ইয়ামালের থেকে বার্তা আসবে একদিন। সেটা আসুক বা না আসুক, এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তারকা বনে গেছেন অ্যালেন। তবে অনেকে আবার কটাক্ষও করছেন, যদিও সেসব পাত্তাই দিচ্ছে না।
এফআই
