বিজ্ঞাপন

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় শাস্তি পেলেন রিয়াল মাদ্রিদ তারকা

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় শাস্তি পেলেন রিয়াল মাদ্রিদ তারকা

মাঠের পারফরম্যান্সের চেয়ে এই মুহূর্তে রাউল আসেন্সিওকে ঘিরে বেশি আলোচনা হচ্ছে মাঠের বাইরের ঘটনায়। বছরের শুরুতে ব্যক্তিগত ভিডিও-সংক্রান্ত একটি ফৌজদারি মামলায় নাম জড়িয়েছিল রিয়াল মাদ্রিদের এই তরুণ ডিফেন্ডারের। এবার গ্রান কানারিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে দণ্ডিতও হয়েছেন তিনি।

ভিডিও-সংক্রান্ত মামলাটি ২০২৩ সালের একটি ঘটনার। প্রসিকিউশনের দাবি, সে সময় ১৬ ও ১৮ বছর বয়সী দুই তরুণীর ব্যক্তিগত ভিডিও তাদের সম্মতি ছাড়া ধারণ করা হয়েছিল। ওই মামলায় আসেন্সিওর পাশাপাশি রিয়ালের যুব একাডেমির তার তিন সাবেক সতীর্থ—ফেরান রুইজ, হুয়ান রদ্রিগেজ ও আন্দ্রেস গার্সিয়ার বিরুদ্ধেও বিচারপ্রক্রিয়া চলছে।

মামলাটি সামনে আসার পরই আসেন্সিওকে নিয়ে রিয়ালের অস্বস্তি বাড়ে। চলতি গ্রীষ্মে তাকে দল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল স্প্যানিশ ক্লাবটি। এমনকি ইউরোপের অন্য ক্লাবগুলোর কাছে তাকে প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে দল ছাড়ার বিষয়ে আসেন্সিওর আগ্রহ ছিল না।

এর মধ্যেই আবার নতুন করে আইনি ঝামেলায় পড়েছেন ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার। গ্রান কানারিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে তাকে ১৪ হাজার ৪০০ ইউরো জরিমানা করা হয়েছে। পাশাপাশি আট মাসের জন্য গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রান কানারিয়ায় গাড়ি চালানোর সময় তার শ্বাসে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.৯০ মিলিগ্রাম/লিটার। স্পেনে সাধারণভাবে অনুমোদিত সীমা ০.২৫ মিলিগ্রাম/লিটার। দ্রুত বিচার প্রক্রিয়ায় আসেন্সিও অভিযোগের তথ্য স্বীকার করার পরই এই সাজা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে এই সাজার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আরও গুরুতর একটি মামলায় আদালতে হাজির হতে হচ্ছে। ব্যক্তিগত ভিডিও-সংক্রান্ত মামলায় তিন সাবেক সতীর্থের সঙ্গে ফৌজদারি আদালতের বিচারকের সামনে উপস্থিত হওয়ার কথা তার। আসেন্সিও সরাসরি ভিডিও ধারণের সঙ্গে যুক্ত ছিলেন—এমন অভিযোগ নেই। তবে মামলায় তার বিরুদ্ধে ভিডিওটি চেয়ে নেওয়া ও দেখার অভিযোগ রয়েছে। বিষয়টি এখন আদালতের বিচারাধীন।

এইচজেএস