আর্সেনালের সঙ্গে সম্পর্কটা শেষ হওয়ার আভাস ছিল আগেই। তবে গন্তব্য যে হবে বার্সেলোনা, সেটিই ছিল বড় চমক। অবশেষে সেই চমকই সত্যি হলো। আর্সেনাল ছেড়ে ১২.৮৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিয়েছেন গ্যাব্রিয়েল জেসুস। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এমিরেটস স্টেডিয়ামে শেষ মৌসুমটা অবশ্য জেসুসের জন্য খুব একটা সুখকর ছিল না। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচে তার গোল মাত্র ছয়টি। তাই গ্রীষ্মে আর্সেনাল ছাড়ার সম্ভাবনা ছিলই। কিন্তু লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনায় তার যোগ দেওয়াটা অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত।
বার্সেলোনার এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ রবার্ট লেভানডোভস্কির বিদায়। পোলিশ তারকার জায়গা পূরণ করতে একজন অভিজ্ঞ ফরোয়ার্ড প্রয়োজন ছিল কোচ হান্সি ফ্লিকের। সেই জায়গাতেই জেসুসকে বেছে নিয়েছে কাতালান ক্লাবটি। এই গ্রীষ্মে প্রিমিয়ার লিগ থেকে বার্সেলোনার তৃতীয় বড় নিয়োগও জেসুস। এর আগে নিউক্যাসল থেকে অ্যান্থনি গর্ডন এবং ম্যানচেস্টার সিটি থেকে রদ্রিকে দলে ভিড়িয়েছে তারা।
জেসুসের বার্সেলোনায় সাফল্য নিয়ে অবশ্য আত্মবিশ্বাসী তার সাবেক সতীর্থ সার্জিও আগুয়েরো। জিজানতেসকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন কিংবদন্তি মনে করেন, বার্সেলোনার আক্রমণভাগে জেসুস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আগুয়েরোর মতে, পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটিতে যে ধরনের ভূমিকায় জেসুসকে ব্যবহার করতেন, ফ্লিকের অধীনেও তেমন সুযোগ পেতে পারেন তিনি। আর স্পেনের ফুটবলে নিজের গোলসংখ্যা আরও বাড়ানোর সম্ভাবনাও দেখছেন আগুয়েরো।
প্রিমিয়ার লিগে গোল করা যে কতটা কঠিন, সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি। তার বিশ্বাস, বার্সেলোনায় জেসুসের জন্য প্রতি মৌসুমে ১০ থেকে ১৫ গোল করা কঠিন হওয়ার কথা নয়।
নতুন সতীর্থ রদ্রিকেও নিয়ে উচ্ছ্বসিত আগুয়েরো। তার মতে, বার্সেলোনার মাঝমাঠে স্প্যানিশ এই তারকা নিজের সহজাত খেলায় দলকে অনেক কিছু দিতে পারবেন। বিশেষ করে পজিশনিং, সতীর্থদের সহায়তা এবং প্রতিপক্ষের আক্রমণ আগেই বুঝে ফেলার ক্ষমতার প্রশংসা করেছেন তিনি।
এখন জেসুসের সামনে অপেক্ষা নতুন চ্যালেঞ্জের। বার্সেলোনার জার্সিতে তার অভিষেক হতে পারে আগামী রোববারই। সেদিন ভ্যালেন্সিয়ার মাঠে তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে নামবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
এইচজেএস
