বিজ্ঞাপন

ট্রান্সফার উইন্ডো বন্ধের পরও দলহীন পগবাসহ যেসব তারকারা

ট্রান্সফার উইন্ডো বন্ধের পরও দলহীন পগবাসহ যেসব তারকারা

ট্রান্সফার উইন্ডোর দরজা বন্ধ। ইউরোপের বড় ক্লাবগুলো নতুন মৌসুমের দল গুছিয়ে ফেলেছে। কেউ নতুন ঠিকানা পেয়েছেন, কেউ চুক্তির শেষ মুহূর্তে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করেছেন। কিন্তু এতসব ব্যস্ততার পরও ফুটবল বিশ্বের বেশ কিছু পরিচিত মুখ এখনো ক্লাবহীন।

প্রিমিয়ার লিগ টানা দ্বিতীয় মৌসুমে গড়েছে গ্রীষ্মকালীন দলবদলে খরচের নতুন রেকর্ড। ক্লাবগুলো সব মিলিয়ে প্রায় ৩.৪৬ বিলিয়ন পাউন্ড খরচ করেছে। এনজো ফার্নান্দেজ থেকে ব্র্যাডলি বারকোলার মতো তারকারা বদলেছেন ঠিকানা। ইউরোপের অন্য শীর্ষ লিগগুলোও পিছিয়ে ছিল না। ইয়ান দিয়োমান্দে, রদ্রি, গনসালো রামোসদের মতো খেলোয়াড়দের ঘিরে হয়েছে বড় অঙ্কের লেনদেন। তবু কয়েকজন তারকা এখনো অপেক্ষায়।

তালিকার অন্যতম বড় নাম পল পগবা। এক মৌসুম কাটানোর পর মোনাকোর সঙ্গে চুক্তি বাতিল হয়েছে বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডারের। গত মৌসুমে মোনাকোর হয়ে মাত্র ছয় ম্যাচ খেলেছেন তিনি, যার পাঁচটিতেই নেমেছিলেন বদলি হিসেবে। নতুন ঠিকানার খোঁজে এখন তার দিকে নজর রয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) কয়েকটি ক্লাবের।

ক্লাবহীন তারকার তালিকায় আছেন আরেক সাবেক ইংলিশ তারকা রাহিম স্টার্লিং। চেলসির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ফেইনুর্দে কাটানো সময়েও প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে নতুন মৌসুমে এখনো কোনো ক্লাবের জার্সি গায়ে ওঠেনি ৩১ বছর বয়সী উইঙ্গারের।

স্টার্লিংয়ের গল্পের সঙ্গে কিছুটা মিল আছে জ্যাডন স্যাঞ্চোর। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ছাড়ার আগে বরুসিয়া ডর্টমুন্ড, চেলসি ও অ্যাস্টন ভিলায় ধারে খেলেছেন তিনি। এরপরও স্থায়ী ঠিকানা মেলেনি। ফিটনেস ধরে রাখতে ফ্লিক্সটন এফসির সুযোগ-সুবিধা ব্যবহার করছেন স্যাঞ্চো। কাতারের ক্লাব আল রাইয়ান তাকে নিয়ে আগ্রহ দেখালেও এখন পর্যন্ত সেই আলোচনা চুক্তিতে রূপ নেয়নি।

তবে অপেক্ষার তালিকা এখানেই শেষ নয়। ইভ বিসুমা, রিস নেলসন, ওলেক্সান্ডার জিনচেঙ্কো, রিয়াদ মাহরেজ, দানি কারভাহাল, মাউরো ইকার্দি ও ডেভিড আলাবা—পরিচিত এই নামগুলোর ভবিষ্যৎও এখনো অনিশ্চিত।

ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাওয়ায় অবশ্য তাদের জন্য সব দরজা বন্ধ হয়ে যায়নি। ফ্রি এজেন্টদের ক্ষেত্রে প্রচলিত দলবদলের সময়সীমার বাইরেও চুক্তির সুযোগ থাকে। ফলে সেপ্টেম্বরেও নতুন ক্লাব পাওয়ার সম্ভাবনা রয়েছে এই তারকাদের।

এইচজেএস 

বিজ্ঞাপন