বিজ্ঞাপন

শেষ ১০ ম্যাচে আমাদের সেরা খেলোয়াড় ছিল হামজা : শেফিল্ড কোচ

শেষ ১০ ম্যাচে আমাদের সেরা খেলোয়াড় ছিল হামজা : শেফিল্ড কোচ

লেস্টার সিটির সঙ্গে দুই দশকের সম্পর্ক। একাডেমি থেকে উঠে আসা, প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের সাক্ষী হওয়া, এফএ কাপ জেতা—সব মিলিয়ে ক্লাবটির সঙ্গে হামজা চৌধুরীর গল্পটা যেন এক জীবনের। সেই গল্পের এবার শেষ হলো একটি অধ্যায়। লেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে যোগ দিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের এই মিডফিল্ডার।

২৮ বছর বয়সী হামজাকে এক বছরের চুক্তিতে দলে নিয়েছে শেফিল্ড। ট্রান্সফার ফি অবশ্য প্রকাশ করেনি কোনো পক্ষ।

শেফিল্ডের সঙ্গে হামজার সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে ‘দ্য ব্লেডস’-এ খেলেছিলেন তিনি। ১৬টি লিগ ম্যাচে মাঠে নামার পর সান্ডারল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালেও খেলেন। শেষ পর্যন্ত সেই ম্যাচে হারলেও শেফিল্ডে তার পারফরম্যান্সই এবার স্থায়ীভাবে ফেরার পথ তৈরি করে দেয়।

বিশেষ করে ধারে কাটানো সময়ের শেষ ১০ ম্যাচে হামজাকে দলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে দেখেছেন কোচ ক্রিস ওয়াইল্ডার। প্লে-অফের সেমিফাইনাল ও ফাইনালও ছিল সেই সময়ের অংশ।

হামজার বহুমুখী সক্ষমতাই শেফিল্ডকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। মূলত মিডফিল্ডার হলেও প্রয়োজনে রাইট-ব্যাক হিসেবেও খেলতে পারেন তিনি। দলের ওই পজিশনে প্রতিযোগিতা বাড়াতেই হামজাকে ফেরানোর প্রয়োজনীয়তা দেখেছিলেন ওয়াইল্ডার।

তিনি বলেন, 'আমরা সবাই জানি, হামজা ওই ভূমিকায় খেলতে পারে এবং এর বাইরেও আরও অনেক কিছু দিতে পারে। এখানে তার প্রথম স্পেলের শেষ ১০ ম্যাচে সে সম্ভবত আমাদের সেরা খেলোয়াড় ছিল।'

ওয়াইল্ডারের সঙ্গে হামজার সম্পর্কও পুরোনো। ২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডে ধারে থাকার সময় এই কোচের অধীনেই খেলেছিলেন তিনি। পরে শেফিল্ডেও দুজনের কাজের সুযোগ হয়। সেই পরিচিতিই হয়তো নতুন অধ্যায় বেছে নেওয়ার সিদ্ধান্তকে আরও সহজ করেছে।

এইচজেএস