বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস লিগ অভিষেকে বিশেষ স্মারক পাবেন ফুটবলাররা

চ্যাম্পিয়নস লিগ অভিষেকে বিশেষ স্মারক পাবেন ফুটবলাররা

চ্যাম্পিয়নস লিগে প্রথমবার মাঠে নামা—যেকোনো ফুটবলারের ক্যারিয়ারে বিশেষ এক মাইলফলক। সেই মুহূর্তকে এবার আরও স্মরণীয় করে রাখতে নতুন উদ্যোগ নিয়েছে উয়েফা। ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় অভিষেক হওয়া খেলোয়াড়দের জার্সির হাতায় দেখা যাবে বিশেষ একটি ছোট প্যাচ।

সাংবাদিক ডেভিড অর্নস্টেইনের তথ্য অনুযায়ী, চলতি মৌসুম থেকেই পুরুষদের চ্যাম্পিয়নস লিগে এই ‘ডেবিউ প্যাচ’ চালু হচ্ছে। কোনো খেলোয়াড় প্রতিযোগিতাটিতে প্রথমবার মাঠে নামলেই তার জার্সিতে সেটি যুক্ত করা হবে—যা ওই বিশেষ মুহূর্তের প্রতীক হয়ে থাকবে।

তবে গল্পটা শুধু মাঠেই থেমে থাকবে না। উয়েফা ও ফ্যানাটিকস কালেক্টিবলসের অংশীদারত্বের আওতায় অভিষেকের এই প্যাচই পরিণত হবে বিশেষ ট্রেডিং কার্ডে। সংশ্লিষ্ট খেলোয়াড় নিজে সেই কার্ডে স্বাক্ষর করবেন। এরপর কার্ডগুলো প্যাকেট আকারে বাজারে ছাড়া হবে, যাতে সমর্থকরা সংগ্রহ করতে পারেন প্রিয় খেলোয়াড়ের চ্যাম্পিয়নস লিগ অভিষেকের স্মারক।

অর্থাৎ, একজন খেলোয়াড়ের জীবনের প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচের স্মৃতি শুধু ছবিতে কিংবা ভিডিওতে নয়—সংগ্রহযোগ্য কার্ডেও ধরে রাখার সুযোগ পাবেন ভক্তরা। এই উদ্যোগ অবশ্য পুরুষদের ফুটবলে সীমাবদ্ধ থাকছে না। অর্নস্টেইনের তথ্য অনুযায়ী, ২০২৭-২৮ মৌসুম থেকে উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগেও চালু হবে ‘ডেবিউ প্যাচ’।

ফ্যানাটিকসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাইকেল রুবিনও এই উদ্যোগকে সমর্থকদের আরও কাছে নিয়ে যাওয়ার নতুন একটি উপায় হিসেবে দেখছেন, 'চ্যাম্পিয়নস লিগ মৌসুম শুরুর ঠিক আগে এই ঘোষণা আমাদের জন্য অত্যন্ত অর্থবহ। ডেবিউ প্যাচের মতো নতুন উদ্যোগের মাধ্যমে সমর্থক ও সংগ্রাহকদের তাদের প্রিয় খেলোয়াড় ও ক্লাবের আরও কাছে নিয়ে আসতে চাই আমরা।'

গত মৌসুমে ম্যাক্স ডাউম্যান, কনস্তান্তিনোস কারেতসাস, লেনার্ট কার্ল, এস্তেভাও ও রিও এনগুমোহা—তরুণ তারকাদের বেশ কয়েকজন চ্যাম্পিয়নস লিগে অভিষেক করেছিলেন।

এইচজেএস