ব্রাজিল ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা ভারতীয় ফুটবলের জন্য টার্নিং পয়েন্ট হয়ে উঠবে বলে মনে করেন দলটির প্রধান কোচ খালিদ জামিল। তার দল আগামী ২৬ সেপ্টেম্বর পানামা, ৩ অক্টোবর ব্রাজিল এবং ৬ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে তিনটি হাই-প্রোফাইল প্রীতি ম্যাচ খেলবে।
আজ (বুধবার) ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ভারতীয় ফুটবলের জন্য এটি টার্নিং পয়েন্ট হবে। ইতিহাসে প্রথমবার আমরা ব্রাজিলের বিপক্ষে খেলতে যাচ্ছি। আমাদের ইতিবাচকভাবে ভাবতে হবে। শুধু একটি বিষয়েই মনোযোগ দিতে হবে– তা হলো ভারতের সামনে এগিয়ে যাওয়া। আমাদের মূল লক্ষ্য আগামী বছর ২০২৭ সালের এশিয়ান কাপের যোগ্যতা অর্জন। এর আগে আমরা শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলছি। ভারতীয় ফুটবলের জন্য এটি খুবই ভালো একটি বিষয়।’
এক্ষেত্রে অবশ্য সমর্থকদের পাশে থাকার আহবান জানিয়েছেন ভারত ফুটবল দলের এই কোচ, ‘সবকিছুর চেয়ে বড় কথা হলো, এটি ভারতের জন্য ইতিহাস। কেউ যদি নেতিবাচক কথা বলে, তাকে থামতে হবে। আমাদের সমর্থকদের কাছ থেকে সমর্থন প্রয়োজন। আমার মতে, দর্শকরা যদি শতভাগ ভারতকে সমর্থন করেন, তাহলে খেলোয়াড়রা অনুপ্রাণিত হবে এবং ভালো পারফর্ম করবে। এটি খেলোয়াড় এবং সবার জন্যই খুব উপকারী। এটি একটি অনুপ্রেরণা। এটি একটি ধাপ, এরপর আত্মবিশ্বাস অর্জনের জন্য আমাদের আরও বেশি ম্যাচ খেলতে হবে।’
ভারতীয় এই কোচের নজরটা উঁচুতে। নিজেদের উন্নতির লক্ষ্যে নিচু র্যাঙ্কিংয়ের দলের বদলে উচ্চ র্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলার গুরুত্ব নিয়েও কথা বলেন জামিল। তার মতে, ‘আমাদের আরও বেশি ম্যাচ খেলতে হবে। আমি নিচু র্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলতে চাই না। উচ্চ র্যাঙ্কিংয়ের দলের সঙ্গে খেলা ভালো। এতে অবশ্যই উন্নতি হবে। খেলোয়াড়রা সেখান থেকে শিখবে। আর কোচ হিসেবে কীভাবে যোগাযোগ করতে হবে, সেখানেও আমার উন্নতি হবে। তাই সামগ্রিকভাবে এটি সবার জন্যই উপকারী।’

পাশাপাশি দিনে দিনেই যে উন্নতি সম্ভব নয় সেই বাস্তবতা মেনে খেলোয়াড়দের ওপর আস্থা রাখারও আহ্বান ভারত কোচের, ‘তাদের ভালো সমর্থন দরকার এবং আমাদের তাদের ওপর বিশ্বাস রাখতে হবে। তারা ভালো করবে। আর আমি খেলোয়াড়দের তাদের যোগ্যতা ও পারফরম্যান্সের ভিত্তিতেই নির্বাচন করেছি। এটি একটি ভারসাম্যপূর্ণ দল।’
এএইচএস
