একসময় ম্যানচেস্টার সিটির আক্রমণের অন্যতম ভরসা ছিলেন জ্যাক গ্রিলিশ। পাঁচ বছর আগে আকাশছোঁয়া প্রত্যাশা নিয়ে ইতিহাদে পা রেখেছিলেন। সাফল্যের গল্পও কম ছিল না। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই গল্প। চোট আর ফর্মহীনতায় এখন সিটির পরিকল্পনাতেই জায়গা হচ্ছে না এই ইংলিশ তারকার। তাই টানা দ্বিতীয় মৌসুমে ধারে এভারটনে যোগ দিলেন তিনি।
গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিন গ্রিলিশের পুরো মৌসুমের জন্য এভারটনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে দুই ক্লাব। গত মৌসুমের শুরুতেও পেপ গুয়ার্দিওলার দলে জায়গা হারিয়ে একই ক্লাবে ধারে গিয়েছিলেন তিনি।
এভারটনে শুরুর সময়টা অবশ্য ছিল আশাব্যঞ্জক। গত বছরের আগস্টে প্রিমিয়ার লিগের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন গ্রিলিশ। মনে হচ্ছিল, হয়তো এভারটনেই আবার নিজের পুরোনো ছন্দ খুঁজে পাচ্ছেন তিনি।
কিন্তু এরপরই ছন্দপতন। বছরের শুরুতে পায়ের চোটে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। ফলে মৌসুমের বাকি অংশে আর প্রত্যাশিত প্রভাব রাখতে পারেননি। সব প্রতিযোগিতা মিলিয়ে এভারটনের হয়ে ২ গোল ও ৬টি অ্যাসিস্ট নিয়েই মৌসুম শেষ করেন তিনি।
নতুন মৌসুমে সিটির কোচের দায়িত্বে এন্টসো মারেস্কা এলেও গ্রিলিশের ভাগ্যের পরিবর্তন হয়নি। নতুন কোচের পরিকল্পনাতেও জায়গা হয়নি তার। ফলে আবারও ধারের পথেই হাঁটতে হলো একসময় সিটির বড় তারকা হয়ে ওঠা এই মিডফিল্ডারকে।
এইচজেএস
