বিশ্বজুড়ে কোটি সমর্থকের হৃদয় ভেঙে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার এই বিদায়ী মুহূর্ত উদযাপনে বিস্ময়কর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। নিজেদের সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতায় খেলার মাঝে বিরতি দিয়ে তারা মেসিকে অভ্যর্থনা দেবে।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন। গত ৩১ আগস্ট নিজের ইনস্টাগ্রামে দেওয়া তিন পাতার এক লিখিত বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা লেখেন, ‘ফাইনালের পর কিছুটা সময় পার হয়েছে, অনেক ভাবনা-চিন্তার পর আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে খেলা ম্যাচটিতে শেষবার আন্তর্জাতিক ফুটবল খেলতে নেমেছিলেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। তাকে সম্মান জানানোর সিদ্ধান্ত জানিয়ে এএফএ জানিয়েছে, ‘আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির ক্যারিয়ারের প্রতি সম্মান জানিয়ে, পুরুষ ও নারীদের সকল বিভাগ এবং পর্যায়ের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের দশম মিনিটে খেলা এক মিনিটের জন্য থামিয়ে করতালি দেওয়া হবে।’
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ভিডিও বোর্ড-সুবিধাযুক্ত স্টেডিয়ামগুলোকে খেলা শুরুর আগে একটি শ্রদ্ধাঞ্জলি-মূলক ভিডিও প্রদর্শন করতে হবে’। এটি মূলত মেসির অবসর ঘোষণার পর এএফএ সামাজিক মাধ্যমে তাকে উদ্দেশ্য করে বানানো ভিডিও-মন্টেজটির কথাই বোঝানো হয়েছে।
— ESPN FC (@ESPNFC) September 2, 2026
২০০৫ সালের ১৭ আগস্ট প্রথমবার আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন মেসি। এরপর হয়েছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (১২৫), এবার মাঠে নেমেছিলেন যৌথভাবে সর্বোচ্চ ষষ্ঠ বিশ্বকাপ আসরে। আর তার ক্যারিয়ারের পূর্ণতা পেয়েছে ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জিতে। যা ছাড়া ব্যক্তিগত ও দলীয় অর্জনের খাতায় কোনো শূন্যতা ছিল না। পূর্ণ হয়েছে সেটিও। বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ (৩৪) খেলা এবং জয়ের রেকর্ডও (২৩) মেসির দখলে।
মেসি নিজের অবসর ঘোষণায় প্রস্তুত করা চিঠিতে প্রথম পাতায় রেখেছেন সিদ্ধান্তটির গুরুভার। নিজের সবটুকু উজার করে দেওয়ার অনুভূতি প্রকাশ করে বিদায়ের অন্যতম শক্ত উক্তিটি লিখেছেন, ‘আমি আমার সবটুকু দিয়েছি... নিজেকে একদম খালি করে দিয়েছি, আমার মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই।’ দ্বিতীয় পৃষ্ঠায় ছিল পুরো পথচলার বিবরণ। ‘এই ২০ বছরের সব ভালোবাসার জন্য ধন্যবাদ,’ লিখে মেসি জাতীয় দলের হয়ে নিজের পথচলার কথা স্মরণ করেছেন এবং তার পরিবার, সতীর্থ, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তৃতীয় পৃষ্ঠায় এসে স্বর আবারও বদলে যায়। শেষটা অত্যন্ত আবেগপূর্ণ, সরাসরি এবং নিখাঁদ আর্জেন্টাইন মেজাজে, ‘আমাকে আর্জেন্টাইন করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ!! এগিয়ে যাও আর্জেন্টিনা।’
এএইচএস
