দক্ষিণ আফ্রিকাতে ত্রিদলীয় সিরিজে বল হাতে আলো ছড়িয়েছিলেন রোহানতদৌলা বর্ষণ। প্রতিপক্ষকে নিজের দিনে যেন ক্রিজেই দাঁড়াতে দেননি তিনি। তবে তরুণ এই পেসারকে নিয়ে চিন্তা বাড়ল বিসিবির। পিঠের নিচের অংশের ব্যথার জন্য প্রায় ১৫ মাস মাঠের বাইরে ছিলেন ২১ বছরের এই তরুণ পেসার।
এরপর মাঠে ফিরে এইচপির হয়ে খেলতে গিয়ে আবারো চোটের কবলে পড়েন বর্ষণ। দক্ষিণ আফ্রিকা থেকে খেলে বর্ষণ যোগ দিয়েছিলেন টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াতে বাংলাদেশ এইচপি দলে। তবে সেই পুরোনো ব্যথার কারণে কোনো ম্যাচেই মাঠে নামা হয়নি তার।
পরে অস্ট্রেলিয়ার চিকিৎসককে দেখিয়েছেন, এরপর স্ক্যানও করিয়েছেন। রিপোর্ট অবশ্য ভালো তবে বিশ্রাম নিতে আরও লম্বা সময়। সব মিলিয়ে আবারও মাস দুয়েকের বিশ্রামে যেতে হচ্ছে বর্ষণকে। বয়স কম থাকায় এমন ইনজুরির কারণে লাল বলে খেললে সেটা বড় আকার ধারণ করতে পারে।
বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে ইনজুরি শঙ্কা থাকায় বর্ষণ কেবল এখন থেকে টি-টোয়েন্টির ভাবনাতে থাকবেন। এমনকি বয়স ২৩ বছর না হওয়া পর্যন্ত থাকবে এই ইনজুরি শঙ্কা। ফলে জাতীয় দলে খেলাটাও তার জন্য কঠিন হয়ে দাঁড়াল এই সময়ে। এই বিশ্রামের সময়ে জিম সেশন, রানিংয়ের পাশাপাশি নিদিষ্ট কিছু কাজও করবেন বর্ষণ। সবকিছু ঠিক থাকলে আগামী ‘বাংলাদেশ ফার্স্ট’ টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরতে পারবেন এই পেসার।
এর আগে দীর্ঘদিন পর চলতি বছরে মাঠে ফিরে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করেন বর্ষণ। এরপর হাইপারফরম্যান্স (এইচপি) দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়েও ওয়ানডেতে ১২ উইকেট শিকার করেন। পরে অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে গিয়ে আবার পুরনো চোটে পড়েন বর্ষণ।
এসএইচ/এফআই
