বাংলাদেশ ক্রিকেটে পেসারদের উত্থান ঘটছে গেল বেশ কিছু বছর ধরেই। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে নাহিদ রানা, হাসান মাহমুদ কিংবা শরিফুল ইসলামসহ তালিকাটাও কম বড় না। তবে পেসারদের ইনজুরিতে পড়ার সংখ্যাও নেহায়েত কম না। বর্তমানেও চোটের কবলে রয়েছেন একাধিক পেসার।
ইনজুরি আক্রান্ত ক্রিকেটারদের সুস্থ করতে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিবি। সবশেষ পেসার তানজিম সাকিবের ইনজুরির সময় রোয়ান চাউটেন নামে নিউজিল্যান্ডের একজন স্পাইন কট বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়েছিল বিসিবি। এরপর অনলাইনেও বেশ কয়েকবার তার পরামর্শ নিয়েছে বোর্ড।
জাসপ্রীত বুমরাহ-শেন বন্ডদের সফলভাবে অপারেশন করিয়েছেন এই চিকিৎসক। এবার তাকেই বিসিবি দেশের ক্রিকেটারদের কাজে লাগাতে চায়। রোয়ানের আন্তরিকতাও বেশ ফলে বিসিবি তাকে লম্বা সময়ের জন্য কনসালট্যান্ট হিসেবে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছে। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র এমনটিই জানিয়েছে।
জানা গেছে বিসিবির প্রস্তাবে এই চিকিৎসকও রাজি হতে যাচ্ছেন। এতদিন কোনো পেমেন্ট না নিলেও এবার আনুষ্ঠানিকভাবে সেই চুক্তিও হবে। মূলত ক্রিকেটারদের ইনজুরি এরপর রিপোর্ট পরবর্তী পরামর্শই রোয়ান দেবেন অনলাইনের মাধ্যমে।
রোয়ান মূলত ক্রিকেটারদের মেরুদণ্ডের স্ট্রেস ফ্র্যাকচার বা পিঠের গুরুতর সমস্যার সফল অস্ত্রোপচারের জন্য পরিচিত। নিউজিল্যান্ডের ক্রিকেটারদের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারতসহ বিভিন্ন দেশের তারকা ক্রীড়াবিদদের অস্ত্রোপচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
রোয়ানের আরেকটি বিশেষত্ব হলো মেরুদণ্ডের অবক্ষয়জনিত রোগ, ডিস্ক প্রোল্যাপস বা সায়াটিকা, স্পাইনাল স্টেনোসিস, মেরুদণ্ডের আঘাত এবং হিপ জয়েন্ট প্রতিস্থাপন।
এসএইচ/
