বিজ্ঞাপন

শেফিল্ডে উড়ন্ত হামজা, বাংলাদেশে যোগ দেবেন কবে?

শেফিল্ডে উড়ন্ত হামজা, বাংলাদেশে যোগ দেবেন কবে?

আসিয়ান কাপের জন্য বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করছে। হেড কোচ থমাস ডুলি ঘরোয়া ফুটবলে খেলা ২৮ জন ফুটবলার ডেকেছেন। দেশের বাইরে লিগে খেলাদের মধ্যে আমেরিকান প্রবাসী সাইফ ইতোমধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন। অন্য ফুটবলারদের দেশে ফেরার সূচি এখনো চূড়ান্ত হয়নি। 

বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। সম্প্রতি লেস্টার সিটি ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন তিনি। শুরুতেই দারুণ ছন্দে আছেন। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত শেফিল্ড ইউনাইটেডের খেলা রয়েছে। এর আগে তার পক্ষে ক্লাব থেকে ছাড় পাওয়া সম্ভব নয়। 

২৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপ শুরু। বাংলাদেশের কোচ ডুলির পরিকল্পনা অন্তত এক সপ্তাহ আগে জাকার্তায় পৌঁছানোর। সেটা হলে হামজাকে সরাসরি জাকার্তায় যেতে হবে। এখন পর্যন্ত ফেডারেশন ও হামজার যে পরিকল্পনা সেটা সরাসরি জাকার্তা যাওয়ার। 

বাংলাদেশের আক্রমণভাগে অন্যতম ভরসা সামিত সোম। কানাডা লিগ খেলে এখন সে পেলের স্মৃতি বিজড়িত নিউইয়র্ক কসমসে খেলছে। ২০, ২৭ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর কসমসের খেলা রয়েছে। আসন্ন ফিফা উইন্ডো ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর। ফিফা উইন্ডোতে জাতীয় দলে ডাক পেলে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য সেই হিসেবে সামিতকে পাওয়ার আশা করছেন ডুলি। তবে সেটা পেলেও ২১ সেপ্টেম্বরের আগে জাকার্তায় নয়। 

জায়ান, তারিক কাজী ও ফাহমিদুল দেশের বাইরে লিগে খেলছেন। এদের মধ্যে জায়ান ও তারিকের ঢাকায় আসার ব্যাপারে নিশ্চিত কোচ,‘তারিক ও জায়ান কয়েক দিন অনুশীলন করবে ঢাকায় এটা নিশ্চিত। অন্যদের বিষয়টি এখনো আলোচনা পর্যায়ে রয়েছে।’ ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপের আগে কোচ অন্তত দুটি প্রীতি ম্যাচ খেলতে চান,‘আমরা দু'টি ম্যাচ খেলতে চাই কিন্তু জানি না কাদের সঙ্গে খেলতে পারব। ফেডারেশন এটা নিয়ে কাজ করছে।’

এজেড/