ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে বড় হার। এরপর একসঙ্গে সাত ক্রিকেটার, প্রধান কোচ ও বোলিং কোচকে দেশে ফেরত পাঠানো। পাকিস্তান ক্রিকেটে এমন নাটকীয় রদবদলের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্ত নিয়ে। সমালোচনার কেন্দ্রে থাকা চেয়ারম্যান মহসিন নাকভি এবার মুখ খুলেছেন। তার সোজাসাপ্টা প্রশ্ন—তিনি দায়িত্ব নেওয়ার আগে পাকিস্তান ক্রিকেটের অবস্থাই বা কেমন ছিল?
‘জিও নিউজ’-কে নাকভি বলেছেন, সমালোচকদের অনেকেই পাকিস্তান ক্রিকেটের বাস্তব অবস্থা সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন না। সমালোচনায় ভয় পান না জানিয়ে তিনি বলেন, 'যারা বলছে আমি আসার পর পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে, তাদের বলতে চাই—আমি আসার আগে পাকিস্তান ক্রিকেট কোথায় ছিল? পাকিস্তানের র্যাঙ্কিং কী ছিল?'
ইংল্যান্ডে দলের পারফরম্যান্স যে প্রত্যাশা অনুযায়ী হয়নি, সেটিও স্বীকার করেছেন নাকভি। তবে তার মতে, দুটি টেস্টের ফল দিয়ে পুরো পাকিস্তান ক্রিকেটকে বিচার করা ঠিক হবে না, 'যা হয়েছে, ভালো হয়নি। আমরা দুটি টেস্ট হেরেছি। কিন্তু আমি বিশ্বাস করি, আগামী দিনে আমরা ভালো খেলব। আমি আসার পর ওয়ানডে র্যাঙ্কিংয়ে আট থেকে পাঁচে উঠেছি। টি-টোয়েন্টিতে নয়ে থেকে ছয়ে এসেছি। এই ফল কি খারাপ?'
সমালোচকদের গুরুত্ব দেওয়ার ক্ষেত্রেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন পিসিবি চেয়ারম্যান। তার ভাষায়, ওয়াসিম আকরামের মতো সাবেক তারকা যদি সমালোচনা করতেন, সেটি তিনি গুরুত্ব দিয়ে শুনতেন। তবে অন্যদের সমালোচনা নিয়ে খুব বেশি ভাবতে রাজি নন তিনি।
এ প্রসঙ্গে ভারতের উদাহরণও টেনেছেন নাকভি। তার যুক্তি, ক্রিকেটে হারের ঘটনা ঘটতেই পারে, 'ভারতও তো আয়ারল্যান্ডের কাছে হেরেছে। দক্ষিণ আফ্রিকা হেরেছে নামিবিয়ার কাছে। তাতে কি তাদের ক্রিকেট শেষ হয়ে গেছে? একটা বিষয় বুঝতে হবে। যদি কেউ খেলতে না পারে, তাহলে কী করব? দলে তো পরিবর্তন করতেই হবে। প্রতিটি ম্যাচ, প্রতিটি সিরিজ আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।'
এইচজেএস
