জল্পনাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। শ্রীলঙ্কার কাছ থেকে সরে যাওয়া নারীদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে ভারতকেই বেছে নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মূলত লঙ্কান ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কার কাছ থেকে আয়োজনের দায়িত্ব সরিয়ে নেওয়া হয়েছে। পরে শ্রীলঙ্কার পরিবর্তে ভারতের নাম চূড়ান্ত করেছে আইসিসি।
২০২৭ সালের ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নারীদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের মুম্বাই ও বারোদরায় বসবে প্রতিযোগিতার আসর। শুরুতে ছয় দলের এই টুর্নামেন্ট ওয়ানডে ফরম্যাটে আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে ফরম্যাট বদলে করা হয়েছে টি-টোয়েন্টি।
মূলত শ্রীলঙ্কারই আয়োজক হওয়ার কথা ছিল। তবে দেশটির ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ এখন সরকার-নিযুক্ত একটি কমিটির হাতে। ক্রিকেটে সরকারি কিংবা রাজনৈতিক হস্তক্ষেপকে আইসিসি অনুমোদন করে না। বিষয়টি নিয়ে শ্রীলঙ্কাকে একাধিকবার সতর্কও করা হয়েছিল। কিন্তু পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত আয়োজনের দায়িত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এরপর থেকেই সম্ভাব্য নতুন আয়োজক হিসেবে ভারতের নাম সামনে আসে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাও আয়োজনে আগ্রহ দেখিয়েছিল। তবে শেষ পর্যন্ত আইসিসির আস্থার জায়গা হয়েছে ভারতই।
অন্যদিকে, এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রেও আয়োজক দেশের জন্য রয়েছে বিশেষ সুবিধা। আয়োজক দেশসহ ওয়ানডে/টি-টোয়েন্টি ক্রমতালিকার শীর্ষ ছয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে। আয়োজক দেশ শীর্ষ ছয়ের বাইরে থাকলে র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ দল সরাসরি জায়গা পেত। এই হিসাবেই পাকিস্তানের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার দরজা বন্ধ। ফলে ভারতের মাটিতে পুরো টুর্নামেন্ট আয়োজন নিয়ে অংশগ্রহণের দিক থেকে কোনও জটিলতা থাকছে না।
এইচজেএস
