জিডি ট্রফিতে আজ বৃৃহস্পতিবার অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে জয় তুলে নিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। আবদুল্লাহ আল মুহি, কাউসার আহমেদ ও রাকিবুল হাসান রুসাফির ব্যাটে ভর করে ৭ উইকেটে ২৮৬ রানের বড় সংগ্রহ পায় অনূর্ধ্ব-১৯ দল। জবাব দিতে নেমে কোনো লড়াই করতে পারেনি অনূর্ধ্ব-১৭ দলের ব্যাটাররা।
অধিনায়ক লরেঞ্জ রায় কেবল ফিফটির দেখা পেয়েছেন। ৫০ ওভার খেলে ১৭১ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৭ দল। ১১৫ রানের বিশাল জয় পায় অনূর্ধ্ব-১৯ দল। গেম ডেভেলপমেন্ট ট্রফিতে তিন ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে অনূর্ধ্ব-১৯। অন্যদিকে তিন ম্যাচের সবগুলোতে হেরে টেবিলের তিন নম্বরে আছে অনূর্ধ্ব-১৭ দল।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ধীর স্থির শুরু করে অনূর্ধ্ব-১৭ দল। পাওয়ার প্লেতে ৪৪ রান তোলেন দুই ওপেনার নূর এ আলম ও আবদুল্লাহ হিল গালিব। ৩৫ বলে ১ চারে ১৩ রান করা নূর এ আলমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মেহেরাব হোসেন সিজান। এরপর দলের হাল ধরেন অধিনায়ক লরেঞ্জ রায়। এক প্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নেন তিনি।
পরে লরেঞ্জ আউট হবার পর একপ্রান্তে টিকে ছিলেন অলরাউন্ডার সুজন। ৭৭ বলে ৪৪ রান করে ৪৯ তম ওভারে ফিরে যান তিনিও। অনূর্ধ্ব-১৯ এর হয়ে রুসাফি তিনটি, শাকিল খান ও রবিউল হাসান অনিক দুইটি করে এবং রুবাই ইসলাম জীবন ও সিজান একটি করে উইকেট নেন।
এর আগে মিরপুর শের এ বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে অনূর্ধ্ব-১৯ দল। দুই ওপেনার মুহি ও কাউসার শতরানের জুটি গড়ে দেন। ফিফটির দেখা পান দুইজনই। ১০৮ বলে ১১৫ রান করা জুটি ভাঙেন অনূর্ধ্ব-১৭ দলের মুহিব জগিরদার। ৫২ বলে ৫৯ রান করা মুহিকে ফিরতি ক্যাচে ফেরান মুহিব। পরে ৭৪ বলে ৬৫ রানের ইনিংস খেলেন মাজেদুল। টেলএন্ডারদের ছোট ছোট অবদানে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৮৬ রানের বড় সংগ্রহ পায় অনূর্ধ্ব-১৯ দল। অনূর্ধ্ব-১৭ এর হয়ে মাজেদুল ৩ টি এবং লিখন, মুহিব, ইফতেখার ও ইমরান ভূঁইয়া একটি করে উইকেট নেন।
এসএইচ/এইচজেএস
