বিজ্ঞাপন

স্পোর্টিং উইকেটে খেলতে পারায় যাদের কৃতিত্ব দিলেন আশরাফুল

স্পোর্টিং উইকেটে খেলতে পারায় যাদের কৃতিত্ব দিলেন আশরাফুল

বছর দুয়েক ধরে ঘরের মাঠে স্পোর্টিং উইকেটে খেলছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ফলে বিদেশের মাটিতেও এটি কাজে দিচ্ছে ব্যাটারদের। যদিও তারা এখনও ধারাবাহিক নন। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ঐতিহাসিক একটি টেস্ট ম্যাচ জিতেছে শান্ত-হাসানরা। এজন্য দেশে ভালো উইকেটে খেলার সুযোগ করে দেওয়া ব্যক্তিদের কৃতিত্ব দিচ্ছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। 

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘গত নয় মাস ধরে আমরা ভালো উইকেটে খেলছি, সে কারণেই কিন্তু ভালো ভালো ফলাফলগুলো আমাদের পক্ষে আসছে। তিনটি বিভাগেই আমরা ভালো করছি– ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায়।’

জাতীয় দলের কোচ ও বিভিন্ন ফরম্যাটের অধিনায়কদের ভালো উইকেটে খেলতে চাওয়ার অবদান দেখছেন আশরাফুল, ‘গত নয় মাস যেভাবে আসলে আমরা প্রস্তুতি নিচ্ছি প্রত্যেকটা টেস্ট, ওয়ানডেতে আমরা কিন্তু ভালো উইকেটে খেলছি। এটার একটা বড় কৃতিত্ব দিতে হবে আমাদের ক্রিকেট বোর্ড বা আমাদের ম্যানেজমেন্ট, বিশেষ করে প্রধান কোচ এবং তিন ফরম্যাটের অধিনায়ক, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ভালো উইকেটে খেলব।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পরবর্তী মিশন দক্ষিণ আফ্রিকা। ওই সিরিজ নিয়ে আশরাফুল বলেন, ‘আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপে...ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের ঘরের মাঠে দুটি ম্যাচ, তারপরে আমরা দক্ষিণ আফ্রিকা যাব। আমি বিশ্বাস করি যে আমাদের সবাই যদি সুস্থ থাকে, অবশ্যই আমরা ম্যাচ ধরে ধরে চিন্তা করছি।’

খেলোয়াড় ও কোচের ভূমিকায় অস্ট্রেলিয়াকে হারাতে পেরে তৃপ্ত বাংলাদেশের এই ব্যাটিং কোচ, ‘নিজেকে খুব ভাগ্যবান মনে হয় আসলে যে এত বড় একটা অর্জনে দলের সঙ্গে থাকতে পেরেছি। যখন ২০০৫ সালে আমরা অস্ট্রেলিয়াকে হারালাম কার্ডিফে, ওই অস্ট্রেলিয়া দলটা তো খুবই শক্তিশালী দল ছিল। এবারের অস্ট্রেলিয়া দলটাও চমৎকার ছিল এবং তাদের মাঠে গিয়ে আমরা জয় করেছি, তো দুটি দলের সঙ্গেই থাকতে পেরে ভালো লাগছে।’

এসএইচ/এএইচএস