বিজ্ঞাপন

স্কোয়াড থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ব্রিটিশ রাজার সাক্ষাতে যাননি পাক তারকা

স্কোয়াড থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ব্রিটিশ রাজার সাক্ষাতে যাননি পাক তারকা

অস্থিরতা বিরাজ করছে পাকিস্তান ক্রিকেট দলের ড্রেসিংরুমে। ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্ট হারের পর শেষ ম্যাচের আগে স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হয়েছে সাত ক্রিকেটারকে। এরই মাঝে ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের ক্রিকেটার ও কোচিং স্টাফরা। যেখানে স্কোয়াড থেকে বাদ পড়া ক্রিকেটারদেরও যেতে বাধ্য করে পিসিবি, তবে প্রতিবাদ জানিয়ে সেখানে উপস্থিত হননি একজন। 

ইংলিশ সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ রাজপরিবারের উচ্চপর্যায়ের এই আয়োজনে পাকিস্তানের প্রতিনিধিত্ব কম হলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে, এমন আশঙ্কা থেকেই পিসিবি স্কোয়াডের সবাইকে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিল বলে জানা গেছে। যা নিয়ে পাকিস্তান দলের অভ্যন্তরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।

সূত্র জানিয়েছে, শেষ টেস্টের আগেই যাদের প্রয়োজন নেই বলে জানিয়ে দেওয়া হয়েছিল, তাদেরও ক্ল্যারেন্স হাউজের অনুষ্ঠানে উপস্থিত থাকতে কঠোরভাবে বলা হয়। এতে দলের ভেতরে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বাদ পড়া চার ক্রিকেটার আলী উসমান, আমের জামাল, খুররম শেহজাদ ও আওয়াইস জাফর অনুষ্ঠানে উপস্থিত হন। চলমান পরিস্থিতির কারণে কয়েকজন খেলোয়াড় অনুষ্ঠানে যেতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন। তাদের মধ্যে একজন নিজের সঙ্গে করা আচরণের প্রতিবাদে অনুষ্ঠানে যাননি।

পিসিবির নির্দেশনা মানেননি এমন ক্রিকেটারদের নাম উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি। তবে সেটি বোঝা কঠিন নয়, স্কোয়াড থেকে বাদ পড়া বাকি তিন ক্রিকেটার হলেন– মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা এবং ইমাম-উল-হক। এ ছাড়া টেস্ট দলের কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে অব্যাহতি দেওয়ার পর পদত্যাগপত্র দিয়েছেন পাকিস্তান জাতীয় দলের অন্যতম নির্বাচক মিসবাহ-উল হকও।

প্রথম দুই টেস্টে হারের পর পাকিস্তান দলে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। কয়েকজন ক্রিকেটারকে ইতোমধ্যে ছেড়ে দেওয়া হলেও তাদের বিকল্প হিসেবে ডাকা ক্রিকেটাররা এখনও দলের সঙ্গে যোগ দেননি। ফলে কিং চার্লসের মতো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাতের অনুষ্ঠানে পাকিস্তান দলের উপস্থিতি খুব কম হলে তা বিব্রতকর দেখাতে পারে– এমন আশঙ্কা তৈরি হয়েছিল।

অনুষ্ঠানে কিং চার্লস পাকিস্তানের ক্রিকেটার ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং মাঠ ও মাঠের বাইরে কঠিন সময় পার করা পাকিস্তান দলকে উৎসাহ দেন। অধিনায়ক বাবর আজম রাজাকে ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট উপহার দেন। পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও একটি উপহার দেন কিং চার্লসকে। পরবর্তীতে নাকভি জানান, সাক্ষাৎটি ছিল ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ। পাকিস্তানের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টারও প্রশংসা করেছেন কিং।

ইংল্যান্ড সফরকারী ক্রিকেট দলগুলোকে সাধারণত ব্রিটেনে অবস্থানকালে রাজপরিবারের কোনো সদস্য কিংবা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ জানানো হয়। পাকিস্তানের চলমান সফরেও সেই দৃশ্য দেখা গেল। এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস ও হেডিংলিতে টানা দুই টেস্টে হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। 

এএইচএস