বিজ্ঞাপন

ক্যারিবীয় লিগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন শানাকা

ক্যারিবীয় লিগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন শানাকা

‘এখানকার পরিবেশটা আমার দারুণ লাগছে’, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচ শুরুর আগে এমনই অনুভূতি ছিল দাসুন শানাকার। সম্প্রতি আবারও শ্রীলঙ্কার অধিনায়কত্বে ফেরা এই তারকা নিজের প্রতিক্রিয়ার পূর্ণতা দিলেন ব্যাটিংয়ে নেমে। মাত্র ৩৯ বলেই শানাকা সিপিএলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন।

লঙ্কান অলরাউন্ডারের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ৪ উইকেটে ২৩৫ রানের বড় সংগ্রহ গড়ে। বিপরীতে তাদের প্রতিপক্ষ সেন্ট লুসিয়া কিংস গুটিয়ে যায় মাত্র ৯৮ রানে। ফলে নিজেদের রেকর্ড সর্বোচ্চ ১৩৭ রানের ব্যবধানে জিতল শানাকার দল সেন্ট কিটস। 

৪৩ বলে ৮টি চার ও ১২ ছক্কায় ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন শানাকা। অথচ তিনি যখন ব্যাটিংয়ে নামছিলেন, তখন সেন্ট কিটস ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৯ রান করেছিল। সেই সংগ্রহকে লঙ্কান অলরাউন্ডার প্রায় আড়াইশ’র কাছে নিয়ে গেছেন দুর্দান্ত সব বাউন্ডারিতে। এর আগে সিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ৪০ বলে। আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার ও টিম সাইফার্টের সেই রেকর্ড ভেঙে দিলেন শানাকা।

শানাকার নামে অবশ্য আগেও ৩৯ বলে সেঞ্চুরির রেকর্ড ছিল। ২০১৬ সালে তিনি শ্রীলঙ্কার একটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন। একই বছর আরেকটি ম্যাচে ৪০ বলে সেঞ্চুরি করেন শানাকা। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে তার সেঞ্চুরিটি তালিকায় বেশ নিচের দিকে। ২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে এস্তোনিয়ার সাহিল চৌহান মাত্র ২৭ বলে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন। একই বছর ভারতের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ২৮ বলে সেঞ্চুরি করেছেন ভারতের উর্বিল প্যাটেল ও অভিষেক শর্মা।

Dasun Shanaka hit 12 sixes in his innings, St Kitts and Nevis Patriots vs St Lucia Kings, CPL 2026, Basseterre, September 3, 2026

এদিকে, শানাকার ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ২৩৫ রানের বড় সংগ্রহ পায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এরপর বল হাতে প্রতিপক্ষ সেন্ট লুসিয়া কিংসকে দুমড়েমুছড়ে দিয়েছেন পেসার জেরেমিয়াহ লুইস। তিনি ২.৫ ওভারে মাত্র ১০ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেছেন। এ ছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অ্যাশমিড নেড ২টি করে শিকার ধরলে সেন্ট লুসিয়া ৯৮ রানে গুটিয়ে যায়।

১৩৭ রানের বড় জয়ে সিপিএলের প্লে-অফে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এই ম্যাচের আগে তাদের নেট রানরেট ছিল -০.৫৪৭। আর বড় জয়ে রানরেট এখন ০.৫৯৩। পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে থেকে শানাকার দল প্লে-অফের স্বপ্ন দেখছে।

এএইচএস