বিজ্ঞাপন

এবার জোন্স অন্য হোটেলে, শেষ ম্যাচে কোচ সহকারী মিশু

এবার জোন্স অন্য হোটেলে, শেষ ম্যাচে কোচ সহকারী মিশু

উজবেকিস্তানে এএফসি অ-২০ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ দুই ম্যাচে হেরেছে। গতকাল সিরিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর রাতে দলের হেড কোচ জেরার্ড জোন্সকে দল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। 
উজবেকিস্তানে বাংলাদেশ দল যে হোটেলে রয়েছে সেখান থেকে তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ৬ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ দলে কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু। দলের ম্যানেজার সামিদ কাশেম ও ফেডারেশন থেকে মিশুকে এই বার্তা দেওয়া হয়েছে।

সাফ অ-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের লক্ষ্য এএফসি অ-২০ টুর্নামেন্টের মূল পর্বে খেলা। এজন্য বাফুফে বৃটিশ কোচ এনেছিল। এরপরই নানা ভোগান্তিতে পড়ে ফেডারেশন। কখনো বেতন নিয়ে অভিযোগ আবার কখনো সহকারীর সঙ্গে হাতাহাতি। এরপরও উজবেকিস্তানে জোন্সকেই হেড কোচ করে পাঠিয়েছিল। উজবেকিস্তান ও সিরিয়ার বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশ শুধু হারেইনি, একেবারে বাজে পারফরম্যান্স করেছে। এতে শেষ পর্যন্ত জোন্সকে দল থেকে সরিয়ে রাখতে বাধ্য হয় ফেডারেশন। যদিও এ নিয়ে ফেডারেশনের কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে সম্পর্কের চরম অবনতি হয়েছিল জোন্সের। ঢাকায় হোটেলে হাতাহাতি হয়েছিল। উজবেকিস্তানে মিশুকে না নেওয়ার ব্যাপারে অনড় ছিলেন জোন্স। বাফুফের মধ্যস্থতায় দুই জন উজবেকিস্তান গেলেও মিশু ডাগ আউটে থাকতে পারেননি। এমন পরিস্থিতির মধ্যে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে দায়িত্ব পেয়ে মিশুর প্রতিক্রিয়া ছিল— ‘বাংলাদেশ-ভারত ম্যাচ সব সময়ই মর্যাদার। আমাদের জন্য টুর্নামেন্ট প্রায় শেষই। গাণিতিক কিছু সম্ভাবনা রয়েছে যদিও। আমরা ভারতের বিপক্ষে তিন পয়েন্টের জন্য খেলব।’

বাংলাদেশ গতকাল সিরিয়ার বিপক্ষে ম্যাচ খেলায় আজ মূলত রিকভারি সেশন করবে। উজবেকিস্তান সময় বিকেল চারটায় আতিকুর রহমান মিশুর অধীনে অনুশীলন করবে বাংলাদেশ। বৃটিশ কোচ জেরার্ড জোন্সকে বাফুফে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত এখনো করেনি বলে জানা গেছে। জোন্সের সঙ্গে বাফুফের চুক্তি পর্যালোচনা চলছে। দুই পক্ষের মধ্যে দুই বছরের চুক্তি রয়েছে, নির্দিষ্ট মেয়াদের আগে চুক্তি বাতিল করলে তিন মাসের বেতন জোন্সকে দিতে হবে ফেডারেশনের। জোন্সের অপেশাদারিত্ব ও নানা ইস্যুতে বাফুফে বাধ্য হচ্ছে তাই তিন মাসের কম কতটুকু অর্থ দেওয়া যায় সেটা নিয়ে কাজ করছে ফেডারেশন।

এজেড/এনএফ