বিজ্ঞাপন

পাকিস্তানের নির্বাচকের উদ্দেশে সাবেক কোচ

‘প্যান্ট বদলানোর মতো তারা নিয়মিত মন বদলায়’

‘প্যান্ট বদলানোর মতো তারা নিয়মিত মন বদলায়’

পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা জাতীয় দলের দায়িত্বটা ‘মিউজিক্যাল চেয়ার’-এর মতো। গত ৫ বছরে তারা ১১ জন কোচ পরিবর্তন করেছে। ইংল্যান্ডের বিপক্ষে সম্প্রতি দুই টেস্ট হারের পর সাত ক্রিকেটারকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পাশাপাশি দুই কোচকে ছাঁটাই করেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে দলটির প্রধান নির্বাচক আকিব জাভেদের ওপর তোপ দেগেছেন সাবেক কোচ জেসন গিলেস্পি।

২০২৪ সালে আট মাস পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব পালন করেছেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার। তিনি পাকিস্তান ক্রিকেটের ভেতরের তিক্ত অভিজ্ঞতা জানেন। তাদের টালমাটাল পরিস্থিতি নিয়ে স্বদেশি গণমাধ্যমকে গিলেস্পি বলছেন, ‘আমি ক্রিকেটারদের মনের অবস্থা বুঝতে পারছি, এটাই তাদের জীবিকা। বাইরে থেকে দেখেই বোঝা যায়, তারা আতঙ্ক নিয়ে খেলছে।’

দলে একসঙ্গে সাত পরিবর্তন আনার বিষয়টিতে পাকিস্তানের প্রধান নির্বাচক জাভেদেরই পুরো দায় দেখছেন গিলেস্পি, ‘সালমান আলি আগা (বাবর আজমের অনুপস্থিতিতে) প্রথম টেস্টে অধিনায়কত্ব করেছেন, দ্বিতীয় টেস্টে তিনি বাদ এবং তৃতীয় টেস্টের আগে তাকে বাড়ির বিমান ধরতে হলো। এসব কীভাবে ঘটল? এটি স্পষ্ট যে, দল নির্বাচনে তাদের নির্দিষ্ট কোনো কৌশল নেই, বিশেষ করে আকিব জাভেদের অধীনে। তারা এমনভাবে মন বদলায়, যেভাবে নিয়মিত প্যান্ট বদলায়।’

‘বর্তমানে চলমান নানা সমস্যার জন্য সম্প্রতি গ্যারি কার্স্টেন (পাকিস্তানের সাবেক ওয়ানডে-টি২০ কোচ) এবং আমাকে দায়ী করেছেন আকিব জাভেদ। তিনি গত দুই বছর ধরে নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা তো সেখানে ছিলামই না। কিন্তু কোনোভাবে তার দাবি– এটা আমাদের দোষ। এর মানে কী দাঁড়ায়! আমার মনে হয় জাভেদকে আয়নায় নিজেকে দেখা উচিত’, আরও যোগ করেন সাবেক এই অজি তারকা।

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে অনুষ্ঠিত প্রথম টেস্টে ইনিংস এবং ১০৩ রানের ব্যবধানে হেরেছে পাকিস্তান। এরপর লর্ডসে বাবর আজমের দল ১৯৪ রানের হার দেখে। ৯ সেপ্টেম্বর থেকে দুই দল তৃতীয় ও শেষ টেস্টে লড়বে। কিন্তু খেলোয়াড়দের সঙ্গে কোনো আলাপ ছাড়াই প্রধান নির্বাচক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে দাবি গিলেস্পির, ‘নিশ্চিতভাবে প্রধান নির্বাচক আকিব জাভেদের সঙ্গে খেলোয়াড়দের কোনো যোগাযোগ নেই। তারা কেউ পরিবার, বন্ধু-বান্ধব, কেউবা মিডিয়ার মাধ্যমে দল থেকে বাদ পড়ার কথা জেনেছে। কত অসম্মানজনক বিষয় এটি!’

বার্মিংহামে আসন্ন তৃতীয় টেস্টের আগে পাকিস্তানের স্কোয়াড থেকে বাদ পড়েছেন– মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা, ইমাম-উল-হক, আলী উসমান, আমের জামাল, খুররম শেহজাদ ও আওয়াইস জাফর। এ ছাড়া টেস্ট দলের কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে অব্যাহতি দেওয়ার পর পদত্যাগপত্র দিয়েছেন জাতীয় দলের অন্যতম নির্বাচক মিসবাহ-উল হকও।

এএইচএস