বিজ্ঞাপন

পাকিস্তানে ক্রিকেট শেষ—এমন দাবিতে প্রতিক্রিয়া জানালেন পিসিবি প্রধান

পাকিস্তানে ক্রিকেট শেষ—এমন দাবিতে প্রতিক্রিয়া জানালেন পিসিবি প্রধান

সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে চার ইনিংসে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় শোরগোল ফেলেছে দেশটির ক্রিকেট অঙ্গনে। একের পর এক সমালোচনা ধেঁয়ে আসছে। তৃতীয় টেস্টের আগে দলকে খোলনলচে পাল্টে ফেলা হয়েছে। অনেকের দাবি, পাকিস্তানে ক্রিকেট শেষ!

এমন দাবিকে ‘অযৌক্তিক’ বলে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। তিনি বলেন, তার মেয়াদে পাকিস্তানের র‌্যাংকিংয়ে উন্নতি বলছে ভিন্ন কথা।

লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপে নাকভি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা নামিবিয়ার কাছে হেরেছিল, ভারত আয়ার‌ল্যান্ডের কাছে। সেগুলো তো একটু  মনে করুন, সেখানেও কি ক্রিকেট শেষ?’

ইংল্যান্ড সফর শেষ না হতেই প্রাথমিক স্কোয়াড থেকে সাত খেলোয়াড় ও দুই কোচকে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ কারণে অনেক সমালোচনার তীর ছুটে আসছে তাদের দিকে। সাবেক অধিনায়ক আজহার আলী বলেছেন, এই ধরনের কঠিন সিদ্ধান্তের কারণে খেলোয়াড়দের মধ্যে একটা অনিরাপত্তাবোধ তৈরি হবে এবং তাদের মধ্যে থেকে সেই অনুভূতি দূর করতে হবে।

নাকভির বিশ্বাস, পাকিস্তানের ক্রিকেট যে খুবই বাজে অবস্থায়, এটা বলা বেমানান। সম্প্রতি সাদা বলের দলের উন্নতির উদাহরণ টানলেন তিনি। তার কথা, ‘একটা সময় ওয়ানডেতে অষ্টম র‌্যাংকিংয়ে থাকতে অভ্যস্ত ছিলাম আমরা, এখন সেটা পাঁচে উঠেছে। ছয়টি ওয়ানডে সিরিজ খেলে  চারটি জিতেছেন, কিন্তু এখনও বলা হচ্ছে আমাদের ক্রিকেট শেষ। আমাদের সাফল্যের হার ২৪ শতাংশ থেকে বেড়ে ৭৩ শতাংশ। আমি শুধু একটি বা অন্য কোনো নির্দিষ্ট ম্যাচের কথা বলছি না।’

তার মতে, টেস্ট ক্রিকেটে দলের পারফরম্যান্সে উন্নতির প্রয়োজন। কিন্তু ঢালাওভাবে একে খারাপ বলা অন্যায়। তিনি বলেন, ‘যেসব খেলোয়াড়রা তাদের জীবনে কোনো কিছু অর্জন করেনি, যখন তারা এমন কথা বলে, এটা অযৌক্তিক।’

এফএইচএম