অস্ট্রেলিয়ার জার্সিতে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়ে গেছে ভারতীয় বংশোদ্ভুত অজি ক্রিকেটার নিখিল চৌধুরীর। তবে শুধু টি-টোয়েন্টিতেই আন্তর্জাতিক ক্যারিয়ার সীমাবদ্ধ রাখতে চান না তিনি। আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে চোখ রাখছেন নিখিল।
ভারতের দিল্লিতে জন্ম নেওয়া নিখিল চলতি বছরের জুনে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে অংশ নিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক অভিষেক করেছিলেন। তবে ওয়ানডে ও টেস্টে এখনও তার মাঠে নামা বাকি।
নিজের ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ৫০ ওভারের ক্রিকেট খেলতে চাই এবং সুযোগ পেলে টেস্টেও অংশ নিতে চাই। আমার প্রথম প্রথম লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এবং এরপরের বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমি যত দিন সম্ভব অস্ট্রেলিয়ার হয়ে খেলে যেতে চাই।’
অস্ট্রেলিয়ার ক্রিকেট কাঠামোয় ধাপে ধাপে উঠে আসার পেছনে তিনি নিজের পরিশ্রমকে কৃতিত্ব দেন। নিজের খেলার ধরণ ও মনোভাবের ব্যাপারে নিখিল বলেন, ‘আমার পরিকল্পনা সবসময় একই ছিল- কঠোর পরিশ্রম করা, নিজের সেরাটা উজাড় করে দেওয়া এবং দলকে জেতানোর চেষ্টা করা। যে সুযোগই আসুক না কেন, সেখানে পারফর্ম করার চেষ্টা করি।’
চলতি মাসের শেষেই অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারতের মাটিতে সফর করবেন নিখিল, যেখানে ভারত ‘এ’ দলের বিপক্ষে দুটি আনঅফিসিয়াল টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে।
এমএমএম/
