বিজ্ঞাপন

বার্সা স্বপ্ন ভেঙে যাওয়ার পর আলভারেজের কাছে সিমিওনের চাওয়া একটাই

বার্সা স্বপ্ন ভেঙে যাওয়ার পর আলভারেজের কাছে সিমিওনের চাওয়া একটাই

আগামীকাল শনিবার স্প্যানিশ লিগের চতুর্থ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওর মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ। দলবদলের বাজার বন্ধ হওয়ার পর এই ম্যাচ দিয়ে অ্যাতলেটিকোর স্কোয়াডে ফিরলেন হুলিয়ান আলভারেজ।

বার্সেলোনায় যাওয়ার স্বপ্ন দেখছিলেন আলভারেজ। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়া পর্যন্ত তার কাতালান ক্লাবে যাওয়ার গুঞ্জন নিয়ে তোলপাড় ছিল বিশ্ব গণমাধ্যমগুলো। কিন্তু হলো না। ম্যাচের আগে ডিয়েগো সিমিওনের সংবাদ সম্মেলনেও আলভারেজ প্রসঙ্গ এলো ঘুরেফিরে।

অ্যাতলেটিকো কোচের বক্তব্য প্রকাশ করেছে সংবাদপত্র স্পোর্ত। সেখানে তিনি বলেছেন, ‘আলভারেজ খুব ভালো অনুীশলন করছে। সে আগামীকালকের দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে আছে। এই ম্যাচ খেলার জন্য বিলবাও সফরেও দলের সঙ্গে থাকবে সে।’

আর্জেন্টাইনের কাছে সিমিওনের চাওয়া, ‘আমরা আলভারেজের কাছ থেকে সেরাটা চাই... একই সঙ্গে যেমন আমরা তার অন্য সতীর্থদের কাছে চাই।’

বিলবাও ম্যাচে আলভারেজ শুরুর একাদশে নাকি নাকি বেঞ্চে থাকবেন, এনিয়ে প্রশ্নে নীরব ছিলেন সিমিওনে। তার সংবাদ সম্মেলন ছিল ছয় মিনিটের। সেখানে কোচ বলেছেন, জীবনে শেখার সুযোগ আছে আলভারেজের।

সিমিওনে বলেন, ‘আমি একদম স্পষ্ট থাকতে চাই। আমার জন্য জীবন সুযোগে পরিপূর্ণ। এবং জীবনকে গুছিয়ে রাখার জন্য এটা চমৎকার সুযোগ।’

তিনি যোগ করেন, ‘আমরা শেখার জন্য আমাদের সময় কাটাই। দুর্ভাগ্যবশত বিচার করে আমরা অনেক বেশি সময় পার করি। আমরা বিচার করি একে-ওকে। আমাদের বিচার করে সময় নষ্ট করা চলবে না। শেখার প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে।’

আলভারেজের ভালো ভবিষ্যৎ দেখছেন সিমিওনে, ‘আমি বিশ্বাস করি আলভারেজ যে পদক্ষেপ নিয়েছে, সেটা হবে একেবারে নিখাঁদ শিক্ষা। একজন ভালো মানুষ হওয়ার জন্য আভ্যন্তরীণ সমস্যার সমাধানের সুযোগ পাচ্ছে সে।’

শেষে গিয়ে আলভারেজের জন্য শুভকামনা জানালেন কোচ। তার কাছে একটাই চাওয়া, ‘তাকে খুশি দেখা, এটাই আমরা চাই। তাকে ভালো ও সুখী থাকতে হবে, স্বাচ্ছন্দ্যে থাকার পাশাপাশি আমাদের গোলও এনে দিতে হবে।’

এফএইচএম