কোকেন সেবনের দায়ে পাওয়া এক মাসের নিষেধাজ্ঞা মেয়াদ শেষ হওয়ায় পেশাদার টেনিসে ফিরতে আর কোনো বাধা রইল না অস্ট্রেলিয়ান তারকা নিক কিরিওসের। গত জুনে মায়োর্কা ওপেন চলাকালে কিরিওসের নমুনায় ডোপিং পরীক্ষার মাধ্যমে কোকেনের উপস্থিতি পাওয়া যায়। এরপর তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।
৩১ বছর বয়সী এই তারকা তদন্তকারীদের কাছে স্বীকার করেন, প্রতিযোগিতা শুরু হওয়ার দুই দিন আগে মায়োর্কার এক নাইটক্লাবে তিনি কোকেন সেবন করেছিলেন। ল্যাবরেটরির নিরপেক্ষ বিশেষজ্ঞ দলের সঙ্গে আলোচনার পর আইটিআইএ বিষয়টি প্রতিযোগিতা-বহির্ভূত সামাজিক সেবন হিসেবে গ্রহণ করে।
ডোপিং প্রতিরোধ সংস্থার নিয়ম অনুযায়ী, সাধারণত এর সাজা ৩ মাস হলেও কিরিওস একটি চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় নিষেধাজ্ঞা কমিয়ে ১ মাস করা হয়।
নিষেধাজ্ঞার পাশাপাশি মায়োর্কা ওপেন থেকে পাওয়া ৬,৫৭০ ইউরো প্রাইজমানি ও র্যাঙ্কিং পয়েন্ট বাজেয়াপ্ত করা হয়েছে কিরিওসের। ইনজুরি এবং দীর্ঘদিন কোর্টের বাইরে থাকার কারণে বর্তমানে সাবেক ১৪ নম্বর এই তারকার বিশ্ব র্যাঙ্কিং নেমে দাঁড়িয়েছে ৯১৮-তে।
গত ৩ সেপ্টেম্বর তার শাস্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ফলে এখন থেকে যেকোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন তিনি।
এমএমএম/
