বিজ্ঞাপন

সাব্বির-রুবেলদের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বাশার

সাব্বির-রুবেলদের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বাশার

ক্রীড়া প্রতিবেদক

সবশেষ টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন ডানহাতি স্পিনার মোহাম্মদ রুবেল। ৭ ম্যাচ খেলে নেন ২৩ উইকেট। তবুও আসন্ন এশিয়ান গেমসের দলে জায়গা হয়নি তার। অবশ্য কারণও এবার জানা গেল। বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন বিস্তারিত।

এশিয়ান গেমসে নিয়ম অনুযায়ী, প্রায় তিন মাস আগে ৩০ জনের দল দিতে হয় নির্বাচকদের। ওই সময় রুবেল আলোচনায় না থাকায় তাকে বিবেচনা করেননি তারা। বাশার বলেন, ‘এশিয়ান গেমসে রুবেলকে সুযোগ দেওয়ার সুযোগ ছিল না। কারণ এশিয়ান গেমসে যে ৩০ জনের দল দিতে হয় আমাদের, সেটা দিতে হয়েছে তিন মাস আগে।’

‘গেমসের কিছু নিয়মকানুন আছে। সেখানকার বাইরে পরিবর্তন করার কোনো সুযোগ থাকে না। এটা গেমসের নিয়ম। যখন আমরা দলটা দিয়েছি তখন আসলে রুবেলের পারফর্মেন্স অতটা উল্লেখযোগ্য ছিল না। বর্তমানে তিনি খুব ভালো করেছেন। মালয়েশিয়ায় ভালো বোলিং করেছেন, টপ-এন্ডে ভালো বোলিং করেছেন। অবশ্যই তিনি হয়তো ভবিষ্যৎ পরিকল্পনায় থাকবেন।’

এদিকে টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে সাব্বির রহমান ব্যাট হাতে ভালো করেন। তবে জায়গা পাননি এশিয়ান গেমসের দলেও। বাশার বলেন, ‘সাব্বির কে নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি। টি-টোয়েন্টি ফরম্যাটে টপ-এন্ডে ভালো ব্যাটিং করেছেন। সাব্বিরের সুযোগটা এখনো আসেনি। সামনে আমাদের অনেক খেলা আছে, পরিকল্পনায় সে আছে। রুবেলের মতো ও একেবারে চিন্তা ভাবনার বাইরে নয়, সাব্বিরও বাদ পড়েনি। ও অনেকদিন পর দলে কামব্যাক করেছে। ভবিষ্যতে কী হবে দেখা যাক।’

ভবিষ্যতে সাব্বিরের জন্য জাতীয় দলের দরজা খোলা রাখছেন বাশার, ‘সাব্বিরকে বসিয়ে না রেখে লম্বা সময়ের পরিকল্পনা ভেবে তাকে ‘এ’ দলের টুর্নামেন্টে সুযোগ দেওয়া। সাব্বিরের সক্ষমতা আছে। সে প্রমাণ করতে পারবে নিজেকে। কন্ডিশন অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে।’

এসএইচ/এমএমএম