বিজ্ঞাপন

১৩ ক্লাবে নিবন্ধিত ৪৪৫ ফুটবলার, ৪৭ বিদেশি

১৩ ক্লাবে নিবন্ধিত ৪৪৫ ফুটবলার, ৪৭ বিদেশি

আসন্ন ঘরোয়া ফুটবল মৌসুমের জন্য গতকাল ছিল ফুটবলার নিবন্ধনের শেষ দিন। ফিফা নিষেধাজ্ঞা কাটিয়ে আবাহনী, কিংস ও ফকিরেরপুল ইয়ংমেন্স নির্দিষ্ট সময়ের মধ্যেই খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম শেষ করেছে। এবার ১৩ ক্লাব বাংলাদেশ ফুটবল লিগে অংশগ্রহণ করছে।

প্রতি ক্লাব সর্বোচ্চ ৩৫ জন ফুটবলার নিবন্ধন করাতে পারবে। চট্টগ্রাম সিটি এফসি, ফর্টিজ, ঢাকা আবাহনী, পুলিশ ও রহমতগঞ্জ ছাড়া বাকি ৮ ক্লাব ৩৫ জনই নিবন্ধন করেছে। ২০২৬-২৭ ফুটবল মৌসুমের জন্য দেশি, বিদেশি সব মিলিয়ে নিবন্ধিত ফুটবলারের সংখ্যা ৪৪৫ জন। এর মধ্যে ৪৭ জন বিদেশি ফুটবলার রয়েছেন। দক্ষিণ এশিয়ার ১৯ জন ফুটবলার স্থানীয় ফুটবলার কোটাতেই খেলছেন।

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া গত দুই মৌসুমের মতো এবারও ব্রাদার্স ইউনিয়নেই খেলছেন। বসুন্ধরা কিংস অনেক চড়াই উৎরাইয়ের মধ্যে থাকলেও শেষ পর্যন্ত তপু বর্মণ-রাকিব হোসেনের মতো জাতীয় দলের শীর্ষ ফুটবলারদের দলে ভিড়িয়েছে।

ঢাকা আবাহনী গত মৌসুমের তারকা ফুটবলার শেখ মোরসালিন, মিতুল মারমাদের রাখতে পেরেছে। ঢাকা মোহামেডান বসুন্ধরা কিংস থেকে ফয়সাল আহমেদ ফাহিম, আনিসুর রহমান জিকো, ফয়সাল আহমেদ ফাহিমকে এনে গত কয়েক মৌসুমের মধ্যে শক্তিশালী দল গঠন করেছে। ঢাকা আবাহনীর কর্মকর্তা সত্যজিত দাশ রুপুর ছেলে তন্ময় দাস চট্টগ্রাম সিটিতে নিবন্ধিত হয়েছেন।

মাত্র দিন তিনেক আগে ফিফা নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়া ফকিরেরপুল ইয়ংমেন্সও চারজন বিদেশি নিবন্ধন করিয়েছে। ঘরোয়া ফুটবলে স্পট ও ম্যাচ ফিক্সিং বড় ধরনের সমস্যা। ১৩ ক্লাব এবার অংশগ্রহণ করেছে। প্রায় সমশক্তির ক্লাবগুলো অবনমনের শঙ্কায় থাকবে। এই পরিস্থিতিতে ফেডারেশন পাতানো ম্যাচ রোধে কতটুকু ভূমিকা রাখতে পারে সেটাই দেখার বিষয়।

বাফুফে ১৮ সেপ্টেম্বর থেকে লিগ শুরু করতে চায়। ফর্টিজ ও পুলিশ ছাড়া কোনো ক্লাবই সেভাবে অনুশীলন শুরু করেনি। ২৫ সেপ্টেম্বর জাতীয় দল আসিয়ান কাপে খেলবে। সব মিলিয়ে অক্টোবরের আগে লিগ কিংবা ফেডারেশন কাপ শুরু হওয়া বেশ কঠিনই। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের ক্লাব কর্মকর্তাদের সাথে আরেকটি সভায় বসার কথা রয়েছে শীঘ্রই।

এজেড/এমএমএম