মাঠে ২২ খেলোয়াড় বল নিয়ে কখন কী করছে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হয় রেফারিদের। খেলোয়াড়দের নিয়ন্ত্রণে রাখার কঠিন চ্যালেঞ্জ থাকে পুরোটা সময়। বর্তমান ফুটবলে রেফারিং বড় ধরনের চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠেছে। মাঝেমধ্যেই বিতর্কের মুখে পড়ে তাদের নানা সিদ্ধান্ত। এমন মুহূর্তগুলোতেও নিজেকে চাঙ্গা রাখতে ‘গোপন খেলা’ খেলতেন সাবেক প্রিমিয়ার লিগ রেফারি মাইক ডিন।
শীর্ষ লিগের ম্যাচগুলো পরিচালনা করার সময় অদ্ভুত সব খেলা খেলতেন, নিজেকেই চ্যালেঞ্জ ছুড়ে দিতেন। জেমি ভার্ডির পার্টি পডকাস্টকে ৫৮ বছর বয়সী ডিন ফাঁস করলেন এই বিষয়টি। ২২ বছরের ক্যারিয়ারে ৫৫৩ প্রিমিয়ার লিগ ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এই সময়ে কখনও কখনও তিনি ও অন্য অফিসিয়ালরা ম্যাচের ভেতরে থেকেই কিছু ব্যক্তিগত চ্যালেঞ্জ গ্রহণ করতেন।
ডিনের অন্যতম খেলা ছিল, তিনি কতক্ষণ বাঁশি না বাজিয়ে খেলা চালিয়ে যেতে পারেন। ডিন বলেছেন, “আগে আমরা মজা করে একটা খেলা খেলতাম, বলতাম, ‘ঠিক আছে, এখন খেলা শুরু করা যাক। দেখি বাঁশি না বাজিয়ে কতক্ষণ খেলা চালিয়ে যেতে পারি।”
বেশ কয়েকবার ২০ থেকে ২৫ মিনিট বাঁশি না বাজিয়ে খেলা চালিয়ে নিতে পেরেছিলেন তিনি, ‘প্রিমিয়ার লিগে এটা আমি কয়েকবার করেছি, ভিএআরের আগে। বাঁশি না বাজিয়ে ২০-২৫ মিনিট খেলা চালিয়ে গেছি—খেলে যাও, খেলে যাও।’
আরেকটি চ্যালেঞ্জ ছিল যত বেশি সম্ভব মাঠের মাঝের বৃত্ত মানে সেন্টার সার্কেলের মধ্যে থাকা। তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগে আরেকটি খেলা খেলতাম। সেন্টার সার্কেলের ভেতরে থাকা, কতক্ষণ থাকা যায়। এটা মজা করেই করতাম।’
সাবেক এই রেফারি জানান, তার সহকর্মীরাও টাচলাইন থেকে তাকে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে উৎসাহ দিতো। তিনি বললেন, ‘ওরা লাইনে দাঁড়িয়ে প্রায় বলত, ‘তুমি পারবে না’। আমি বলতাম, ‘চেষ্টা করে তো দেখি’। একবার তো আমি একটি ম্যাচে ১৫ মিনিট সার্কেলের ভেতরে ছিলাম, বের হইনি।”
কোন ম্যাচগুলোতেই এই খেলা খেলেছেন সেটা জানাননি ডিন। ২০১৯ সালে ভিএআরের আগমন ঘটে। মানে এর আগের সময়ের ম্যাচগুলোতে অদ্ভুত সব খেলা তিনি খেলেছেন।
এফএইচএম
