বিজ্ঞাপন

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের পর ইংল্যান্ড দলে ক্রোকোম্বে

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের পর ইংল্যান্ড দলে ক্রোকোম্বে

হেনরি ক্রোকোম্বে কাউন্টি ক্রিকেটে দারুণ কীর্তি গড়ে আলোচনায় ছিলেন। সাসেক্সের এই সিমার ৮ দিনের ব্যবধানে দুইবার হ্যাটট্রিক করেছেন। তারই স্বীকৃতিতে প্রথমবার সাদা বলের সিরিজ খেলতে জাতীয় দলে ডাক পেলেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের জন্য আলাদা দুটি ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন ইংল্যান্ড। সেখানে ক্রোকোম্বের সঙ্গে প্রথমবার ডাক পেয়েছেন ডার্বিশায়ারের ওপেনিং ব্যাটার আনেউরিন ডোনাল্ড।

সমারসেট ও এসেক্সের বিপক্ষে দুইবার হ্যাটট্রিক করেছেন ক্রোকোম্বে। এর মধ্যে সমারসেটের বিপক্ষে ১৪ বলে কোনো রান না দিয়ে নিয়েছেন ৫ উইকেট। দুই ম্যাচে ১২ উইকেট শিকার করে ওয়ানডে দলে ডাক পেলেন ২৪ বছর বয়সী ডানহাতি পেসার। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে সাময়িকভাবে ডাক পেয়েছিলেন ক্রোকোম্বে, কিন্তু খেলা হয়নি। ৩৬টি লিস্ট এ ম্যাচ খেলে ৪৯ উইকেট নিয়েছিলেন তিনি।

এদিকে টি-টোয়েন্টি ব্লাস্টে ২৩০.৬৬ স্ট্রাইক রেটে চার হাফ সেঞ্চুরিতে ৪৮৯ রান করে দারুণ সময় কাটান ডোনাল্ড। ২০১৫ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়ার পর এই ফরম্যাটে ১৮ ফিফটিতে ২৪২৩ রান করেছেন তিনি। 

দুই দলেই নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। ভারতের বিপক্ষে এই মৌসুমে সাদা বলের সিরিজে ঊরুর ইনজুরির কারণে বাদ পড়া জেমি ওভারটন দলে ফিরেছেন।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ড তিন টি-টোয়েন্টি খেলবে। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ওয়ানডে স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, সনি বেকার, জস বাটলার, জর্ডান কক্স, হেনরি ক্রোকোম্বে, লিয়াম ডউসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, জশ টাং।

টি-টোয়েন্টি স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, জেমস কোলস, জর্ডান কক্স, লিয়ম ডউসন, আনেউরিন, ডোনাল্ড, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, জশ টাং।

এফএইচএম