ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে যেন রানের বন্যায় বইছেন দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার ব্যাটাররা। দুই ইনিংস মিলিয়ে এই ম্যাচে হয়েছে মোট ৪৪৫ রান। যা দুদলের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। এই রেকর্ডময় ম্যাচে নামিবিয়াকে ১১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
আর এই হারের কারণেই ফাইনালে উঠা হলো না নামিবিয়ার। চ্যাম্পিয়ন হওয়ার জন্য জিম্বাবুয়ের মুখোমুখি হবে প্রোটিয়ারা।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ২২৮ রান করে প্রোটিয়ারা। জবাবে নামিবিয়া করে ২১৭ রান।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ক্রিজে যেন ঝড় তোলেন দুই প্রোটিয়া ওপেনার। উদ্বোধনী জুটিতে আসে ১৫৬ রান। দ্রুত ফিফটির পূরণের পর সেঞ্চুরির পথেই ছিলেন ওপেনার কনর এস্থারহুইজেন। কিন্তু ৮৮ রানে থামতে হয় তাকে। মাত্র ৪০ বলে খেলা তার ইনিংসটি ছয়টি চার ও আটটি ছয়ে সাজানো।
এস্থারহুইজেন না পারলেও ঠিকই শতক পূর্ণ করেন আরেক ওপেনার লুয়ান ডি-প্রিটোরিয়াস। মাত্র ৫৩ বলে ১০১ রান করেন তিনি। এছাড়া ডেওয়াল্ড ব্রেভিস ৩ ও রুবেন হারমান ২৬ রান করেন। আর ১ রান করে অপরাজিত থাকেন ইথান বোচ ও জর্ডান হারমান।
রান তাড়ায় নেমে ভালো সূচনা পায় নামিবিয়াও। ওপেনিং জুটিতে আসে ১১৯ রান। মাত্র ৩৬ বলে ৭২ রান করে আউট হন জ্যান ফ্রাইলিঙ্ক। আরেক ওপেনার রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে করেছেন ৪৪ বলে ৬১ রান। এছাড়া জেজে স্মিট ৯ ও রুবেন টাম্পলম্যান ২১ রান করেন। আর ৩০ রানে অপরাজিত থাকেন জেরার্ড ইরাসমাস।
এমএমএম/
