ইংল্যান্ডে তৃতীয় টেস্টের জন্য প্রাথমিক স্কোয়াড থেকে সাত জনকে বাদ দিয়ে ৭ খেলোয়াড়কে নিয়েছে পাকিস্তান। এর মধ্যে পাঁচ জনই নতুন মুখ। সিরিজের মাঝপথে দলে ব্যাপক রদবদল ক্রিকেট মহলে শোরগোল ফেলেছে। এরই মধ্যে লাল বলের দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে পাকিস্তানের খেলোয়াড়দের নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন মাইক হেসন।
সাত খেলোয়াড়ের সঙ্গে বাদ পড়েছেন দুই কোচ সরফরাজ আহমেদ ও উমর গুল। সরফরাজকে অব্যাহতি দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে হেসনকে। পাকিস্তানের সাদা বলের কোচ এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য সম্প্রতি জাপানে ছিলেন। ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই কেবল তার লন্ডনে পা রাখার কথা ছিল।
কিন্তু এজবাস্টনেও দলের ডাগআউটে থাকতে হচ্ছে নিউজিল্যান্ডার কোচকে। হেসন বললেন, ‘রাজার সঙ্গে দেখা করতে ও সুন্দর একটি অনুষ্ঠানে অংশ নিতে আসার কথা ছিল। কিন্তু সেটা আগেভাগেই হয়ে গেল।’
গত কয়েকটি দিন বেশ ব্যস্ত সময় পার করতে হয়েছে হেসনকে, পুরোটাই মাঠের বাইরের ঘটনার কারণে। তিনি বলেন, ‘গত কয়েকটি দিন হোটেলে থাকা চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল। কিছু খেলোয়াড় আসছিল, কিচু খেলোয়া ড় যাচ্ছিল, তারপর আবার সবাই একসঙ্গে আসছিল।’
এরপর খেলোয়াড়দের আচরণ নিয়ে বেফাঁস মন্তব্য করলেন, ‘ছেলেরা সম্ভবত আমার চেয়ে একটু বেশি বিশৃঙ্খলায় অভ্যস্ত। কোনো সন্দেহ নেই যে তারা হতাশ, খুবই হতাশ। আমাদের ব্যাপারটা থামিয়ে দিয়ে ভাবতে হয়েছে, ‘এখান থেকে কী করা যায়?’ গত কয়েকদিন তারা সত্যিই ভালো খেলেছিল।’
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সালমান আলী আগা, মোহাম্মদ রিজওয়ান ও ইমাম উল হককে অব্যাহতি দেওয়ার পেছনে তার কোনো হাত নেই। তবে দলের বাকি পরিবর্তনে তিনি জড়িত ছিলেন।
এফএইচএম
