মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামের পিচ কিউরেটরের দায়িত্বে ছিলেন বদিউল আলম খোকন। তবে নতুন করে তাকে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের দায়িত্ব দেওয়া হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অধীনে চলমান প্রায় ৬৫ কোটি টাকার মেগা আধুনিকায়ন প্রজেক্ট শেষে এখন খেলার জন্য প্রস্তুত স্টেডিয়ামটি।
মাসখানেকের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ভেন্যুটি বুঝিয়ে দেবে। এর মধ্যে মিরপুর থেকে কিউরেটর খোকনকে বরিশালে বদলি করা হয়েছে। বদলির বিষয়ে এখনো আনুষ্ঠানিক চিঠি না পেলেও খোকন ঢাকা পোস্টকে বললেন, ‘আমাকে মৌখিকভাবে বলা হয়েছে। এখনো চিঠি পাইনি।’
বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিমও খোকনের বদলির বিষয়টি নিশ্চিত করে বললেন, ‘সে বিসিবিতে চাকরি করে। বদলি তো হতেই পারে। সবকিছু স্বাভাবিকভাবেই হচ্ছে।’
তানিম আরও বলেন, ‘বরিশাল নতুন স্টেডিয়াম। নতুন টুর্নামেন্ট যেটা আসছে সেটাও হতে পারে ওখানে। এজন্য একজন অভিজ্ঞ কিউরেটর সেখানে থাকলে ভালো হয়। এ ছাড়া খুলনাতে অনেকদিন খেলা হয় না। সেখানেও একজন অভিজ্ঞ কিউরেটরের দরকার ছিল। আমরা চাচ্ছি একেকজন কিউরেটরকে একেক ভেন্যুতে দায়িত্ব দিতে। যেমন খোকন ভাই খুলনা আর বরিশালে থাকছেন। এতে দেখা যাবে তাদের ট্রাভেলের দূরত্বও কমে যাবে।’
খোকনের বদলিতে মিরপুরের কিউরেটরের পদ অবশ্য ফাঁকা থাকছে না। বিসিবির টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হেমিংই এখন থেকে মিরপুরে প্রধান কিউরেটরের দায়িত্ব পালন করবেন।
এসএইচ/এফআই
