বিজ্ঞাপন

এশিয়ান গেমসে বাড়তি সুবিধা চেয়েও পাচ্ছেন না ভারতীয় ক্রিকেটাররা

এশিয়ান গেমসে বাড়তি সুবিধা চেয়েও পাচ্ছেন না ভারতীয় ক্রিকেটাররা

আসন্ন এশিয়ান গেমসে ক্রিকেটারদের থাকার ব্যবস্থা নিয়ে আয়োজকদের সঙ্গে বিরোধে জড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রিকেটারদের জন্য নির্ধারিত আবাসন ও যাতায়াত ব্যবস্থা পছন্দ না হওয়ায় প্রয়োজনে দ্বিতীয় সারির দল পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে বিসিসিআই। এশিয়ান ক্রিকেট কনফেডারেশনের (এসিসি) মাধ্যমে উন্নত ব্যবস্থা করার জন্য আয়োজকদের ওপর চাপও অব্যাহত রয়েছে। তবে এই দাবিতে বিসিসিআইকে সমর্থন করেনি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)।

আইচি-নাগোয়া এশিয়ান গেমসের জন্য জাপান এবার আলাদা কোনো গেমস ভিলেজ বা নতুন আবাসন তৈরি করেনি। খেলোয়াড় ও কোচদের থাকার জন্য তিন ধরনের ব্যবস্থা রাখা হয়েছে—হোটেল, বিশেষ ধরনের তাঁবু এবং বন্দরে নোঙর করা একটি বড় জাহাজ। সব মিলিয়ে প্রায় ১৭ হাজার মানুষ থাকার সুযোগ পাবেন এসব স্থাপনায়। অংশগ্রহণকারী দেশ ও খেলোয়াড়রা নির্ধারিত ব্যবস্থাগুলোর মধ্য থেকে নিজেদের পছন্দ মতো বেছে নিতে পারবেন।

কিন্তু এই ব্যবস্থা নিয়ে আপত্তি রয়েছে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ডগুলোর। তাদের অভিযোগ, ক্রিকেটারদের মান ও প্রয়োজনের সঙ্গে আয়োজকদের আবাসন এবং যাতায়াত ব্যবস্থা সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে মহসিন নকভির নেতৃত্বাধীন এসিসির মাধ্যমে আয়োজকদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে জাপানের ক্রিকেট সংস্থা জানিয়েছে, কোনো দল আয়োজকদের নির্ধারিত আবাসনে থাকতে না চাইলে নিজেদের পছন্দের হোটেলে থাকতে পারবে। তবে সে ক্ষেত্রে থাকা, খাওয়া, অনুশীলন ও ম্যাচে যাতায়াতের পুরো ব্যবস্থা দলকেই করতে হবে। ট্রেনে যাতায়াতের সুযোগও রাখা হয়েছে।

এই বিকল্প ব্যবস্থাতেও সন্তুষ্ট নয় ক্রিকেট বোর্ডগুলো। তাদের যুক্তি, আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের জন্য নিয়মিত ট্রেনে যাতায়াত বাস্তবসম্মত নয়। বিশেষ করে ক্রিকেটের ব্যাগ ও অন্যান্য সরঞ্জাম নিয়ে দীর্ঘ যাত্রায় সেগুলো হারানো বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

এ অবস্থায় বিসিসিআইয়ের সঙ্গে আইওএর অবস্থানের স্পষ্ট পার্থক্য সামনে এসেছে। আইওএর সিইও রঘুরাম আইয়ার জানিয়েছেন, বিসিসিআই চাইলে নিজেদের পছন্দের হোটেলে ক্রিকেটারদের রাখতে পারে। তবে সেক্ষেত্রে হোটেল, খাবার, যাতায়াত এবং নির্ধারিত সময়ে ভেন্যুতে পৌঁছানোর সব দায়িত্ব ও ব্যয় বিসিসিআইকেই বহন করতে হবে।

আইয়ারের বক্তব্য, এশিয়ান গেমসে ভারতের হয়ে অংশ নেওয়া সব খেলোয়াড় ও কোচের জন্য একই ধরনের ব্যবস্থা করবে আইওএ। ক্রিকেটারদের জন্য আলাদা সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। তার ভাষায়, ‘আইওএর কাছে সবাই সমান।’

এইচজেএস