বিজ্ঞাপন

পানামা ম্যাচের সূচিতে পরিবর্তন আনলো ভারত

পানামা ম্যাচের সূচিতে পরিবর্তন আনলো ভারত

বিশ্বকাপে খেলা পানামার বিপক্ষে ভারতের বহুল প্রতীক্ষিত প্রদর্শনী ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ২৬ সেপ্টেম্বর ম্যাচটি হওয়ার কথা থাকলেও এক দিন এগিয়ে এনে তা আয়োজন করা হবে ২৫ সেপ্টেম্বর।

সূচি পরিবর্তনের কারণ বেঙ্গালুরু ম্যারাথন। আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু ম্যারাথন, যার শুরু ও শেষ—দুটিই হবে কান্তিরাভা স্টেডিয়ামকে কেন্দ্র করে। ফলে ম্যারাথনের ঠিক আগের দিন সেখানে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করলে মাঠ ও আশপাশের অবকাঠামো ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হতে পারে। সে কারণেই ম্যাচটি এক দিন এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কর্ণাটক রাজ্য ফুটবল সংস্থার (কেএসএফএ) একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যাচের তারিখ পরিবর্তন করা হয়েছে এবং ২৫ সেপ্টেম্বরই ভারত-পানামা মুখোমুখি হবে।

প্রায় তিন বছর পর কান্তিরাভা স্টেডিয়ামে ফিরছে ভারতীয় ফুটবল দল। সর্বশেষ ২০২৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে এই মাঠে খেলেছিল তারা। সেবার ফাইনালে কুয়েতকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।

পানামার বিপক্ষে ম্যাচটি ভারতের জন্য শুধু প্রদর্শনী ম্যাচ নয়, বরং বড় পরীক্ষার আগে প্রস্তুতির গুরুত্বপূর্ণ সুযোগও। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা পানামার বিপক্ষে খেলে নিজেদের পরখ করে নেওয়ার সুযোগ পাবেন ভারতের ফুটবলাররা।

অক্টোবরে ব্রাজিল ও উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে ভারত। তার আগে একটি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ চেয়েছিলেন কোচ খালিদ জামিল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই পানামাকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এইচজেএস

বিজ্ঞাপন